ভারতে চলমান বিক্ষোভে ৪৭ কর্মকর্তা বরখাস্ত, দুই সচিবকে বদলি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৫৩ এএম (ভিজিট : ৭)

ভারতে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে চলমান বিক্ষোভের মধ্যেই ৪৭ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে দেশটির ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানা গেছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিট (NEET) পরীক্ষা পরিচালনাকারী সংস্থাটি বরখাস্ত হওয়া কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থাও গ্রহণ করবে।
এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে দুই নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীকে বদলি করে পঞ্চায়েতি রাজ বিভাগের সচিব করা হয়েছে। উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নরেশ পাল গাঙ্গওয়ার এবং স্কুল শিক্ষা বিভাগের নতুন সচিব হয়েছেন টি. কে. অনিল কুমার।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এএনআই জানায়, পরীক্ষা পরিচালনাকারী সংস্থাটিকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে এনটিএ।
পেপার ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে জন্তর মন্তরে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে রয়েছে সরকার। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন ২০ জুলাই শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর অভিযানের পর দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে।
এর আগে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সিজেপির প্রতিনিধিদের সঙ্গে তাদের দাবিদাওয়া নিয়ে বৈঠক করেন। নাড্ডার সরকারি বাসভবনে যেতে অস্বীকৃতি জানানোর পর নিরপেক্ষ একটি স্থানে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় দুই ঘণ্টা ধরে চলে।
সিজেপির দাবি, সরকার তাদের তিনটি প্রধান দাবির মধ্যে দুটি নীতিগতভাবে মেনে নিয়েছে। তবে, তৃতীয় দাবি-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে সিদ্ধান্ত জানাতে সরকার এক দিনের সময় চেয়েছে।
বৈঠক শেষে নাড্ডা বলেন, তাদের তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা সংস্কারসংক্রান্ত পাঁচটি প্রস্তাব রয়েছে। আমরা তাদের জানিয়েছি, আগামীকাল বিকেলে আবার বৈঠক হবে। এর মধ্যে সরকারিভাবে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানানো হবে।
ডেল্টা টাইমস/সিআর/এমই