
প্রতীকী ছবি
দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭০২টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে এই সময়ে মোট ৭৯৭টি শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৩০টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৮। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৮টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৯টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮। এই সময়ে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।