সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম আপডেট: ১৯.০৭.২০২৬ ১১:০৬ এএম (ভিজিট : ১৯)

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। এছাড়া নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী জোনাকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই