টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:২৯ এএম (ভিজিট : ১২)

নিহত কিশোর মোনায়েম
কিশোরগঞ্জের নিকলীতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওরের পানিতে পড়ে প্রাণ হারিয়েছে মোনায়েম (১৫) নামে এক কিশোর। প্রায় নয় ঘণ্টার তল্লাশির পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী ব্রিজসংলগ্ন হাওরে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোনায়েম উপজেলার নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও ধারণ করতে নানশ্রী ব্রিজ এলাকায় যায় মোনায়েম। ভিডিওকে আকর্ষণীয় করতে তিনি ব্রিজের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। পরে সেখান থেকে নিচের পানিতে লাফ দেওয়ার সময় তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ওই কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে হাওরের পানিতে পড়ে তলিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান শুরু করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে নানশ্রী ব্রিজ এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন এবং দ্রুত উদ্ধারের আহ্বান জানান। অবশেষে প্রায় নয় ঘণ্টার অভিযানের পর রাত পৌনে ১০টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে রাত পৌনে ১০টার দিকে কিশোরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই