প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:২৫ এএম (ভিজিট : ৮)

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে শাক-সবজির (হাইব্রিড ও উফশী) বীজ, রাসায়নিক সার, বৃক্ষের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাকিমপুরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এবং হাকিমপুর থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আরও টেকসই ও লাভজনক করতে সরকার নিয়মিতভাবে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এই সহায়তার মাধ্যমে প্রান্তিক কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিভিন্ন জাতের শাক-সবজির বীজ, রাসায়নিক সার, বৃক্ষের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/গোলাম মোস্তাফিজার রহমান মিলন/সিআর/এমই