
পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও সবুজ আলম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ থাকায় ভোর পর্যন্ত মথুরাপুর এলাকায় ফুটবল উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ সময় পুলিশের কাছে গোপন সংবাদ ছিল যে, এই সুযোগে আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বা নাশকতার পরিকল্পনা করছে। এই খবরের ভিত্তিতে পুলিশের একটি সাধারণ টহল দল দুটি গাড়িতে করে মথুরাপুরের দোপপাড়া এলাকায় যায়।
পুলিশের দাবি, সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর ওই দলের শতাধিক নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ এক পুলিশ সদস্য আহত হন।
তবে স্থানীয়দের দাবি, রাতে প্রথমে মথুরাপুর থেকে সম্রাট নামে এক যুবককে গ্রেফতারের পর পুলিশ আবার গিয়ে কয়েকজনকে আটকের চেষ্টা করলে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, "হামলা চালিয়ে ওসিসহ দুই পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"