ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের হাতে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তার হাতে এই পদক তুলে দেন।
পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে এই পদক লাভ করেন অধ্যাপক ড. আবদুস সালাম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৭ জুন এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রসংগত, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ুদূষণ ও প্রযুক্তি বিষয়ে প্রায় ২৫ বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। বায়ুদূষণ, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করে বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন ও দূষণের উৎস শনাক্তকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
তার অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি ১৫০টিরও বেশি থিসিস তত্ত্বাবধান করেছেন।
জাতীয় পরিবেশ পদক লাভ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা প্রো-ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা-প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।