সৌদি প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত আচরণে কনস্যুলার ট্যুর ব্যাহত হওয়ার আশঙ্কা

ডেল্টা টাইমস ডেস্ক:

প্রবাস

সৌদি প্রবাসী বাংলাদেশিদের অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে কনস্যুলার ট্যুর পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার (৯

2026-07-09T12:49:50+06:00
2026-07-09T12:49:50+06:00
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

সৌদি প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত আচরণে কনস্যুলার ট্যুর ব্যাহত হওয়ার আশঙ্কা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ৮)

সৌদি প্রবাসী বাংলাদেশিদের অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে কনস্যুলার ট্যুর পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার (৯ জুলাই) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা কর্তৃক সৌদি আরবের পশ্চিমাঞ্চলে পরিচালিত কনস্যুলার সেবা কার্যক্রমের জন্য ভাড়া করা ভেন্যুগুলোতে কনস্যুলার সেবা নেওয়ার সময় কতিপয় সেবাগ্রহীতা কর্তৃক কিছু ক্ষেত্রে অসতর্কতা ও অসচেতনতামূলক আচরণের কারণে ভেন্যুর বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে দরজা-জানালা, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্রের ক্ষতি, দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ, ল্যাম্পপোস্ট ভাঙা, দেয়াল ও স্থাপনার ক্ষতি সাধন এবং ব্যবহৃত পানির বোতল ও অন্যান্য বর্জ্য যথাযথ স্থানে না ফেলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

এ ধরনের ঘটনার কারণে কনস্যুলেট কর্তৃক ভেন্যুগুলোর মালিক পক্ষকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। পাশাপাশি, ভেন্যুর পারিপার্শ্বিক পরিবেশ নষ্ট হচ্ছে ও স্থানীয় প্রতিবেশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

উদ্বেগের বিষয় হলো, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তির কারণে অনেক ভেন্যু মালিক ভবিষ্যতে কনস্যুলার ট্যুরের জন্য তাদের ভেন্যু ভাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করছেন।

এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে কনস্যুলেটের কনস্যুলার ট্যুর কার্যক্রম পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রাপ্তিতে অসুবিধার সম্মুখীন হতে পারেন।

এ অবস্থায়, সব সেবাগ্রহীতাকে ভেন্যুগুলোর সম্পদ ও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় আইন-কানুন ও শৃঙ্খলা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। সবার সচেতন ও দায়িত্বশীল আচরণই কনস্যুলার ট্যুর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সহায়ক হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ