ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’

ডেল্টা টাইমস ডেস্ক:

প্রবাস

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নারীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে গত তিন বছর ধরে

2026-06-29T14:59:56+06:00
2026-06-29T14:59:56+06:00
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৫৯ পিএম   (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নারীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে গত তিন বছর ধরে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উইথ দ্য মাইন্ড’। এই তিন বছরের যাত্রাকে উদযাপন এবং ফরাসি ভাষা শিক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

রবিবার (২৮ জুন) প্যারিসের অদূরে পন্তা এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহরিন হক নুপুর। এতে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সংগঠনের তিন বছরের কার্যক্রম তুলে ধরে জাহরিন হক নুপুর বলেন, ২০২৩ সালের জুনে ‘উইথ দ্য মাইন্ড’-এর যাত্রা শুরু হয়। এক বছরের মধ্যেই এটি ফরাসি সরকারের স্বীকৃত নিবন্ধিত অ্যাসোসিয়েশনের মর্যাদা লাভ করে। বর্তমানে সংগঠনটির অনলাইন প্ল্যাটফর্মে ৪৫০ জনেরও বেশি বাংলাদেশি নারী নিয়মিত ফরাসি ভাষা শিখছেন।

তিনি জানান, সংগঠনের সহায়তায় এ পর্যন্ত ৬২ জন নারী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফরাসি ভাষার ডিপ্লোমা- টিসিএফ ও ডেল্ফ- পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি দুই শতাধিক নারী মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র নারী কাউন্সিলর তানিয়া তুনু বলেন, নারীদের এগিয়ে নেওয়ার জন্য এমন একটি প্ল্যাটফর্ম সত্যিই প্রশংসনীয়। ভাষা শিক্ষা, আত্মনির্ভরশীলতা এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে নারীদের সহায়তায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আশা করি।

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সদস্য ও সাংবাদিক হাসান ইলিয়াছ তানিম বলেন, উইথ দ্য মাইন্ড প্রবাসী বাংলাদেশি নারীদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখছে। এই উদ্যোগের মাধ্যমে অনেক নারী নতুনভাবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাচ্ছেন।

সংগঠনের ভাষা শিক্ষা কার্যক্রম অনলাইনে জুম প্ল্যাটফর্মে পরিচালিত হলেও নিয়মিত গেট-টুগেদার, কর্মশালা ও পিকনিকের আয়োজন করা হয়। এসব আয়োজন প্রবাসী নারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আত্মবিশ্বাস এবং সামাজিক সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


সংবর্ধনা পাওয়া শিক্ষার্থী আসমা আক্তার রুপু, যিনি সম্প্রতি বি১ স্তরের ফরাসি ভাষার ডিপ্লোমা অর্জন করেছেন, বলেন, "উইথ দ্য মাইন্ড আমাদের শুধু ভাষা শেখায়নি, আত্মবিশ্বাসও গড়ে দিয়েছে। তাদের অনুপ্রেরণায় আমরা নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছি।"

আরেক শিক্ষার্থী উম্মে সালমা বলেন, এই সংগঠনের সঙ্গে যুক্ত না হলে হয়তো এতদূর আসতে পারতাম না। যখনই হাল ছেড়ে দিতে চেয়েছি, তাদের পরামর্শ ও উৎসাহ আমাকে আবার এগিয়ে যেতে শক্তি দিয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রবাসী বাংলাদেশি নারীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ডা. হাবিবা জেসমিন, তরুণ পেশাজীবী দিয়ান আশরাফ, ইয়াসমিন নাজু, সংগঠনের ট্রেজারার ফারজানা নুপুরসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।








  এই ক্যাটেগরির আরো সংবাদ