
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের কার্ডিফে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, কমিউনিটি সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন ও '৭১-এর বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান শহীদুল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস পার্লামেন্ট সদস্য হিউ টমাস এমএস এবং কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দিলওয়ার আলী। এ ছাড়া বক্তব্য রাখেন আলহাজ আলী আকবর, এম এ মালিক, গোলাম মর্তুজা, সংগঠনের কোষাধ্যক্ষ শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আসকর আলী, পরিচালক মাহমুদ হোসাইন, পরিচালক রকিবুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা প্রবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো — ভিসা ও পাসপোর্ট ফি হ্রাস, এনআইডি সেবা সহজীকরণ এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করা। বক্তারা বিশেষভাবে বিমান বাংলাদেশের ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান। তাঁরা জানান, সব রুটেই ট্যাক্স বাড়ানো হয়েছে, তবে যুক্তরাজ্য রুটে সবচেয়ে বেশি — প্রতিটি রিটার্ন টিকিটে ২০৭ পাউন্ড ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে বিমান ভাড়া কমানোর জোর দাবি জানান তাঁরা।
এ ছাড়া বক্তারা কমিউনিটিতে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট মাওলানা হালিম উদ্দিন নূরী ও হাফিজ মাওলানা ফারুক আহমেদ। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া হয়।
উল্লেখ্য, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফ কমিউনিটির উন্নয়নে ও মানবতার সেবায় নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছে।