নরসিংদীতে জানাজা শেষে বুবি বেগমের দাফন সম্পন্ন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:৪০ পিএম (ভিজিট : ৯)

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা বুবি বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে জানাজা শেষে স্টেশনসংলগ্ন সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের সময় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান, মেথিকান্দা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে গত ৫ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা ৮০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী বুবি বেগমের ওপর নির্মম নির্যাতন চালিয়ে তার জমানো টাকা লুট করে নেয়। হামলায় গুরুতর আহত হলে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
তবে অবস্থার অবনতি হলে মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় তার মরদেহ মেথিকান্দা রেলওয়ে স্টেশনে আনা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, বুবি বেগমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব উপজেলা প্রশাসন গ্রহণ করেছিল। পাশাপাশি তাকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয় এবং নিরাপদ আবাসনের জন্য একটি কক্ষের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে তার দাফন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এই বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মীর ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর উপজেলা প্রশাসন দ্রুত বিষয়টি আমলে নিয়ে চিকিৎসা ও অন্যান্য সহায়তার উদ্যোগ গ্রহণ করে।
ডেল্টা টাইমস/সিআর/এমই