প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৫১ এএম (ভিজিট : ১২)

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত খালি হাতেই বিদায় নিতে হয়েছে মিসরকে। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলে হেরেছে ফারাওরা। তবে ম্যাচ শেষের বাঁশির পর মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমেও। রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিসরের মিডফিল্ডার মোস্তফা জিকো। এমনকি ম্যাচটি আগে থেকেই নির্ধারিত ছিল বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।
মিসরীয়দের ক্ষোভের শুরু দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে। দারুণ এক আক্রমণ থেকে মোস্তফা জিকো বল জালে জড়ালেও, ভিএআরের পরামর্শে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউলের অভিযোগে গোলটি বাতিল করেন রেফারি। মিসরের দাবি, সেখানে কোনো ফাউলই হয়নি।
বিতর্ক আরও বাড়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। ওই সময় এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার জয়সূচক গোল করেন। তবে সেই আক্রমণ শুরুর আগে মিসরের এক খেলোয়াড়কে ফাউল করা হয়েছিল বলে দাবি ফারাওদের। তাদের অভিযোগ, আগের ঘটনার মতো এবার আর রেফারি কিংবা ভিএআর কোনো হস্তক্ষেপ করেননি। মিসরীয়দের মতে, একই ধরনের দুই ঘটনায় ভিন্ন সিদ্ধান্তই ম্যাচের ফল বদলে দিয়েছে।
ম্যাচ শেষে মিক্সড জোনে ক্ষোভ উগরে দেন মোস্তফা জিকো। তিনি বলেন, ‘আজ রেফারির পারফরম্যান্স শুধু খারাপ ছিল না, তিনি আমাদের ওপর পরিষ্কার জুলুম করেছেন। ম্যাচের শুরু থেকেই একের পর এক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। আমার মনে হয়েছে, তিনি কোনোভাবেই চাননি আমরা ম্যাচটি জিতি।’
একপর্যায়ে আরও বিস্ফোরক অভিযোগ করেন মিসরের এই মিডফিল্ডার। এমনকি ম্যাচটি ‘পাতানো’ ছিল বলেও মনে করেন তিনি, ‘আমার মনে হয়েছে ম্যাচটির ফল আগেই ঠিক করা ছিল। আমরা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক বাঁশি আমাদের বিপক্ষে যেতে শুরু করে। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন জানিয়ে রাখছি। আজ যা দেখলাম, তাতে অন্তত আমার সেটাই মনে হয়েছে।’
রেফারিং নিয়ে মিসরীয় শিবিরের এমন ক্ষোভের পর ম্যাচটি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে এ বিষয়ে ফিফা কিংবা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডেল্টা টাইমস/সিআর/এমই