প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৪৮ পিএম (ভিজিট : ২৯)

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ : ফাইল
৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাননি বলে জানিয়েছেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (২৯ জুন) মির্জা ফখরুল ইসলাম জানান, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এমন বিবৃতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি নিজে দীর্ঘদিন সংসদে কাটিয়েছেন, বিরোধী দলের সদস্যও ছিলেন; কিন্তু এ ধরনের কোনো বরাদ্দ কখনও পাননি।
তার কথায়, “৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।”
বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, তিনি বাজেট আলোচনায় দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন।
“মাননীয় বিরোধী দলের নেতাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি এক ঘণ্টা বলেছেন দেশের বিভিন্ন সমস্যার ওপর, বাজেট বিষয়ে আলোকপাত করেছেন।”
বিরোধীদলীয় নেতার বক্তব্যে ভোলার সমস্যার কথাও উঠে এসেছে জানিয়ে স্পিকার বলেন, সভাপতির আসনে বসে নিজের নির্বাচনি এলাকার সমস্যা তিনি তুলতে পারেন না।
“আমার জন্মভূমি, আমার নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো এখানে তুলে ধরতে পারছি না এই চেয়ারে বসার কারণে। সেটি তিনি অনুগ্রহ করে জাতির উদ্দেশে বক্তব্যে রেখেছেন।”
বিরোধীদলীয় নেতার বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘সুবিচার’ করবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।