চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:০২ পিএম (ভিজিট : ৪৫)

সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জে মাদক-সংক্রান্ত পূর্ব বিরোধ ও টাকার ভাগ বাটোয়ারার জেরে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) দুপুরে জেলা শহরের হাসপাতাল রোড এলাকার পদ্মা ক্লিনিকের সামনে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রজব আলী (২৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া মহল্লার বাসিন্দা। তিনি নজরুল ইসলাম বাবুর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা ক্লিনিকের সামনে মাদক-সংক্রান্ত পূর্বের বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত মেহেদী রজব আলীর শার্টের কলার ধরে রাখেন। এ সময় জিসান নামে আরেক যুবক তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রজব আলীকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও অভিযুক্তরা সবাই একই মহল্লার বাসিন্দা এবং পরস্পরের বন্ধু ছিলেন। তারা মাদকসেবনের সঙ্গে জড়িত। মাদক-সংক্রান্ত বিষয় ও চুরির টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত পূর্ব বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, ঘটনার পর পুলিশের একটি ঊর্ধ্বতন দল ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেল্টা টাইমস্/আইইউ