মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৪ জুন ২০২৬ইং) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া মন্টুর মোড় থেকে বেতগাড়া সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান।
উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী ওয়াজেদ আলীসহ এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় সরকার বিভাগের আওতায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি গোবিন্দগঞ্জ এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় উপজেলার বিভিন্ন সড়ক ও সরকারি স্থাপনার পাশে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।
এ সময় বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারের এই উদ্যোগ সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।