গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমএ আউয়াল সরকার (৫৫) নিহত হয়েছেন।
সোমবার (২৫ মে) সকালে সুন্দরগঞ্জ-রংপুর সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত এমএ আউয়াল সরকার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলীর অষ্টম ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম এমএ আউয়াল সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ১৯৯৮ সালে সহকারী জজ হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ডেল্টা টাইমস্/আইইউ