এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল

2026-05-23T18:42:34+06:00
2026-05-23T18:42:34+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ৪৫)
ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষক ও শিক্ষকদের জন্য একগুচ্ছ জরুরি নির্দেশনা ও বিষয়ভিত্তিক নম্বর বণ্টন প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার (২৩ মে) বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এই নির্দেশিকা প্রকাশ করা হয়।
 
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের সিলেবাসের আলোকে এবারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বিষয়ের জন্য আলাদা নির্দেশনা ও মানবণ্টন নির্ধারণ করে দেয়া হয়েছে। নিচে প্রধান প্রধান বিষয়ের নির্দেশনাবলি ও নম্বর বণ্টন তুলে ধরা হলো:

উচ্চতর গণিত (বিষয় কোড: ১২৬)


উচ্চতর গণিত পরীক্ষার পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা। নির্দেশনায় বলা হয়েছে: প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই ২টি পরীক্ষণ সম্পন্ন করতে হবে।

প্রতিটি পরীক্ষণের নম্বর বণ্টন হবে–পরিকল্পনা প্রণয়নে ২, সঠিক প্রক্রিয়া অনুসরণে ৩, লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণে ৩ এবং ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনে ২ নম্বর।

এ ছাড়া মৌখিক অভীক্ষার জন্য ৫ নম্বর বরাদ্দ থাকবে, যা পাঠ্যসূচি ও পরীক্ষণের ওপর ভিত্তি করে নেয়া হবে।

পদার্থবিজ্ঞান (বিষয় কোড: ১৩৬)

পদার্থবিজ্ঞান পরীক্ষার পূর্ণমান ২৫। শিক্ষকদের নির্দেশনায় বলা হয়েছে:

শিক্ষকের সামনে লটারির ভিত্তিতে প্রশ্নপত্রে উল্লিখিত পরীক্ষণ থেকে যে কোনো ১টি পরীক্ষা করে তা বর্ণনা করতে হবে।

মান বণ্টন: তত্ত্ব (৩), উপকরণ (১), ছক/ডাটা (৬), হিসাব (২), ফলাফল (১), সতর্কতা ও আলোচনা (২), মৌখিক পরীক্ষা (৫) এবং ব্যবহারিক খাতা (৫)।

রসায়ন (বিষয় কোড: ১৩৭)

রসায়নের পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা। পরীক্ষকদের প্রতি নির্দেশনায় বলা হয়েছে:

প্রশ্নপত্রে প্রদত্ত পরীক্ষণসমূহ থেকে যে কোনো একটি পরীক্ষণ লটারির মাধ্যমে পরীক্ষার্থীকে প্রদান করতে হবে।

মান বণ্টন: তত্ত্ব বা মূলনীতি (২), যন্ত্র/উপকরণ সংযোজন (৩), কাজের ধারা/সতর্ক প্রক্রিয়া অনুসরণ (৫), উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ (৩), সতর্কতা (২) এবং ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনে ৫ নম্বর।

পরীক্ষায় ব্যবহারিক খাতা বা শিট অবশ্যই উপস্থাপন করতে হবে, তবে এর জন্য আলাদা কোনো নম্বর বরাদ্দ নেই।

জীববিজ্ঞান (বিষয় কোড: ১৩৮)
 

জীববিজ্ঞান পরীক্ষার পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা। শিক্ষকদের নির্দেশনায় বলা হয়েছে:

প্রশ্নে উল্লিখিত পরীক্ষণসমূহ থেকে লটারির মাধ্যমে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।

পরীক্ষণের নাম, উপকরণ, কার্যপদ্ধতি, চিত্র অঙ্কন ও চিহ্নিতকরণ, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত ও সতর্কতাসহ মূল পরীক্ষণে থাকবে ১৫ নম্বর।

এ ছাড়া উপস্থাপনকৃত পরীক্ষণের ফলাফল ব্যাখ্যায় ৪ নম্বর, মৌখিক অভীক্ষায় ৪ নম্বর এবং ব্যবহারিক খাতায় ২ নম্বর থাকবে।

কৃষি শিক্ষা (বিষয় কোড: ১৩৪)

কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা। লটারির মাধ্যমে পরীক্ষার্থীদের মাঝে যে কোনো একটি পরীক্ষণ বণ্টন করতে হবে।

মান বণ্টন: মূল পরীক্ষণে ১৫ নম্বর, ব্যবহারিক খাতায় ৫ নম্বর এবং মৌখিক অভীক্ষায় ৫ নম্বর থাকবে ।

চারু ও কারুকলা, সংগীত এবং গার্হস্থ্য বিজ্ঞান
 
চারু ও কারুকলা (কোড: ১৪৮): পরীক্ষার্থীদের দৃশ্য ও নকশা অঙ্কনের জন্য প্রয়োজনীয় রং (জল রং ব্যতীত), জ্যামিতি বক্স, স্কেল ও পেনসিলসহ আনুষঙ্গিক জিনিসপত্র নিজ দায়িত্বে আনতে হবে। হল কর্তৃপক্ষ ব্যবহারিক উত্তরপত্র সরবরাহ করবে।

সংগীত (কোড: ১৪৯): পরীক্ষকরা শিক্ষার্থীদের পরিবেশিত গানের সুর, তাল, লয়, উচ্চারণ ও বাণীর প্রতি লক্ষ রেখে নম্বর বণ্টন করবেন।

গার্হস্থ্য বিজ্ঞান (কোড: ১৫১): প্রশ্নপত্রের সেট অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ (যেমন: ডিম, দুধ, চিনি বা বাদামি কাগজ, স্কেল, গজফিতা ইত্যাদি) এবং ব্যবহারিক খাতা সব পরীক্ষার্থীকে অবশ্যই সঙ্গে আনতে হবে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে জানানো হয়েছে, ব্যবহারিক পরীক্ষা শতভাগ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক উপায়ে সম্পন্ন করতে হবে। পরীক্ষকদের বোর্ডের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ