দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:২২ পিএম (ভিজিট : ৩৫)

প্রতীকী ছবি
দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়াও এসব ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলা যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গি এলাকায় এই ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বাসটি খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে খাদে পড়ে ৪ জন নিহত হন।
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল নয়টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী একটি ট্রাক রানীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক অপর একজনকে মৃত ঘোষণা করেন।
যশোর: যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া তেলপাম্পের সামনে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, তেলপাম্পের সামনে বাস-মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। আহত অন্য দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট: জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেল্টা টাইমস্/আইইউ