দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি হিলি রেলস্টেশনের অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের স্টপেজ দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে এবং ইতোমধ্যে বিরামপুর ও হিলি রেল স্টেশন পরিদর্শন ও করা হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান।
মন্ত্রী বলেন, হিলি জিরো পয়েন্ট থেকে জয়পুরহাট পর্যন্ত ফোর লেন রাস্তার কাজ ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে আটকে ছিলো। এই প্রকল্পের অর্থ জেলা প্রশাসক-এর নিকট হস্তান্তর করা হয়েছে। এখন রাস্তার দুই পাশে ক্ষতিগ্রস্ত জমি মালিকদের ক্ষতি পূরণের টাকা বুঝিয়ে দিয়ে টেন্ডারের মাধ্যমে খুব দ্রুত সময়ে কাজ করা হবে। এছাড়াও হিলি ঘোড়াঘাট রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। চলতি বছরের পরে নতুন অর্থ বছরে এই উপজেলার রাস্তা পাকাকরণের কাজ খুব বেশি থাকবে না।
তিনি বলেন, প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া দিনাজপুর-৬ আসনের মাঝখানে ২৫০ শয্যার মা ও শিশু এবং ডায়াবেটিস রোগীদের জন্য একটি ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ করা হবে এবং আমরা জায়গা নির্ধারণের কাজ করছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন, সিজার ও সাধারণ ডেলিভারি জন্য সাধারণ মানুষকে যেন জয়পুরহাট, বগুড়া ও দিনাজপুর শহরে যেতে না হয় সেই ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ এর জন্য কোনো আন্দোলন করতে হবে না। সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও বিল্ডিং এর জন্য কোনো তদবির করতে হবে না এবং ঢাকা শহরে দৌড়াতে হবে না। তবে কাউকে কোনো অর্থ বা ঘুস দেওয়া যাবে না। যদি কেউ দেন সেই প্রতিষ্ঠান বাতিল হবে।
হিলিকে মাদক মুক্ত করার বিষয়ে মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন জানান, এটা আমার কাজ না এটি আপনাদের দ্বায়িত্ব! আপনারা ভালো করে জানেন এই এলাকায় কারা মাদক বিক্রেতা এবং কারা সেবনকারী। অতএব আপনারা পুলিশকে সহযোগিতা করবেন পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুরের সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন, এরফান আলী, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এসময় হাকিমপুর উপজেলার বাংলা হিলি আজিজিয়া মাদ্রাসা, পাউশগাড়া ফাজিল মাদ্রাসা ও রাধা কৃষ্ণ মন্দিরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
ডেল্টা টাইমস্/তাছির উদ্দিন বাপ্পি/আইইউ