বগুড়ার শেরপুরে ঐতিহাসিক রাণীরহাট মাদারের মেলায় চলা অশ্লীল বিচিত্রার প্যান্ডেলগুলো আজ ২২ মে (শুক্রবার) বিকেলে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নির্দেশে ভেঙে দেওয়া হয়েছে।
তথ্যমতে, প্রতি বছরের জৈষ্ঠ্যমাসের প্রথম বৃহস্পতিবার বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রাণীরহাট বাজার এলাকায় এই মেলা বসে। যা তিনদিন স্থায়ী হয়। গতকাল থেকে শুরু হওয়া এই মেলায় সার্কাস ও যাদু খেলার নামে করা কয়েকটি প্যান্ডেলে অশ্লীল নৃত্য চলতে থাকে। এমন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের দৃষ্টি গোচর হয়। তার নির্দেশে শেরপুর থানা পুলিশের সহযোগিতায় অশ্লীল নৃত্যের প্যান্ডেলগুলো ভেঙে ফেলা হয়।
মেলা এলাকার দায়িত্বে থাকা শেরপুর থানার এস, আই খোকন চন্দ্র দাস বলেন, মেলায় বিচিত্রার নামে অশ্লীল নৃত্য চলায় বিকেল ৫ টার দিকে মেলা ভেঙে দেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরের জৈষ্ঠ্যমাসের প্রথম বৃহস্পতিবার রাণী মা ভবানী এই এলাকায় এসে গরীব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করত। পরবর্তীতে সেই দিনকে ঘিরে এই ঐতিহাসিক রাণীরহাট মাদারের মেলা শুরু হয়। কালের পরিক্রমায় যা এখনও চলমান রয়েছে।
ডেল্টা টাইমস্/সিআর/শহিদুল ইসলাম শাওন/জেড এইচ