হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছে সম্পাদক পরিষদ। এর মধ্যে ৯৪ জনই হত্যা মামলার আসামি। প্রধানমন্ত্রী বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন সম্পাদক পরিষদের নেতারা। রোববার (১৭মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তারা।
বৈঠক শেষে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, ‘২৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। এর মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি। প্রধানমন্ত্রীর কাছে আমরা এই তালিকা দিয়েছি। এই তালিকা যে একেবারেই সম্পূর্ণ, সেটা আমরা বলছি না। অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে এটা দিয়েছি। প্রধানমন্ত্রীও এটা গ্রহণ করেছেন। তিনি তথ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বিষয়টি দেখার জন্য এবং এ ব্যাপারে তারা একটি উদ্যোগ নেবেন বলেও আশ্বস্ত করেছেন।’
তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলেছি, এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত মামলা, গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো নয়। এমনকি সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। প্রধানমন্ত্রী খুবই আন্তরিকতার সঙ্গে এটা গ্রহণ করেছেন, এটা পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।’
এসময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘সম্পাদক পরিষদের নেতারা সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়টি উপস্থাপন করলে প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সরকার গঠন থেকে এ পর্যন্ত সংবাদ মাধ্যমে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকার থেকে না থাকায় সিনিয়র সাংবাদিক ও সম্পাদকমণ্ডলীর নেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।’
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ ও দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিয়ে মধ্যাহ্নভোজ করেন। এতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস্/আইইউ