রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. রিয়াদ রশিদ (২৮) নিহত হয়েছেন। রুশ বাহিনির হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন

2026-05-09T22:40:38+06:00
2026-05-09T22:40:38+06:00
রবিবার, ১০ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৪০ পিএম   (ভিজিট : ১৬)
মো. রিয়াদ রশিদ। সংগৃহীত ছবি

মো. রিয়াদ রশিদ। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. রিয়াদ রশিদ (২৮) নিহত হয়েছেন। রুশ বাহিনির হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. রিয়াদ রশিদ (২৮) নিহত হয়েছেন। তিনি রুশ সেনাবাহিনীর নিয়মিত সৈন্য হিসাবে কর্মরত ছিলেন।

নিহত রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে রিয়াদ ছিলেন চতুর্থ সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে রিয়াদের বন্ধু লিমন দত্ত সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে তার মৃত্যুর সংবাদটি পরিবারকে জানান। গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। এতে রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন এবং আহত হয় আরও ৩ জন। এছাড়া লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হয়ে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের দাবি, রিয়াদ গত বছরের অক্টোবর মাসে একটি কোম্পানির কাজের উদ্দেশে রাশিয়ায় যান। গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি পরিবার আগে থেকে জানত না।

নিহতের বাবা আব্দুর রশিদ বলেন, রিয়াদ যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। জানলে আমি কখনোই তাকে সেখানে যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেছে। আমি আমার ছেলের লাশেরও সন্ধান পাচ্ছি না। বাবা হিসেবে এই কষ্ট কেমন করে সহ্য করব?

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি নিহত ব্যক্তির পরিবারের খোঁজ নিয়েছি। সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতার সুযোগ থাকলে আমরা অবশ্যই তার ব্যবস্থা করব।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ