‘লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

গিলাফ চড়ানোর মধ্য দিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল

2026-05-07T11:55:34+06:00
2026-05-07T11:55:34+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৪৮)

গিলাফ চড়ানোর মধ্য দিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা।

পরে দলে দলে ভক্ত-আশেকানরা গিলাফ চড়াতে মাজারে প্রবেশ করেন। এসময় ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাজার এলাকা।

আগামীকাল শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ওরস।

এদিকে ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গত সোমবার বিকেলে তিনি মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন।

ওরস উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে এসে ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত-অনুরাগীরা। ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মাজারের খাদেম শামুন মাহমুদ খান জানান, সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।

শামুন মাহমুদ খান আরও জানান, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ