ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ, সিরিজ সমতায় শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:২৪ পিএম (ভিজিট : ৩৬)

সংগৃহীত ছবি
সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ বুধবার (২২ এপ্রিল) জয় পেলেই সিরিজ নিশ্চিত হয়ে যেত। কিন্তু ব্যাটাররা লড়াইয়ের জন্য বোলারদের পর্যাপ্ত পুঁজিই তো দিতে পারলেন না। নাহিদা আক্তারদের প্রাণপণ চেষ্টার পরও সহজ জয়ই পেল শ্রীলঙ্কার মেয়েরা।
রাজশাহীতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৪ উইকেট ও ৭০ বল হাতে রেখে হারিয়েছে সফরকারী শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
এদিন টস জিতে আগে ব্যাটিং নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে ব্যর্থ টাইগ্রেসরা ৪৫.৫ ওভারে মাত্র ১৬৫ রানে অলআউট হয়ে যায়।
জবাবে হারশিতা সামারাবিক্রমার অর্ধশতক এবং অধিনায়ক চামারি আতাপাত্তু ও হান্সিমা করুণারত্নের দুটি ৪০ রানের ইনিংসে ৩৮.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান স্কোরকার্ডে তোলে লঙ্কানরা।
নাহিদা ৭.২ ওভারে মাত্র ২১ রানে ৪ উইকেট শিকার করেও দলকে জেতাতে পারেননি। আতাপাত্তুর অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছে শ্রীলঙ্কাই। ৩৯ বলে ৪০ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট শিকার করেছেন লঙ্কান অধিনায়ক।
সাবধানী শুরুর পরও বাংলাদেশ ৪ রানেই হারায় ২ উইকেট। তৃতীয় ওভারে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (১১ বলে ২) এবং পরের ওভারে শারমিন আক্তার (৬ বলে ০) বিদায় নেন।
আরেক ওপেনার শারমিন সুলতানা ও অধিনায়ক নিগার সুলতানা মিলে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। ৪৫ রানের জুটি গড়েন তারা। ৩৯ বলে ২৫ রান করে আতাপাত্তুর শিকার হয়ে ফেরেন শারমিন। পরে সোবহানা মোস্তারিকে (১১ বলে ৫ রান) ফেরান এই লঙ্কান অধিনায়ক।
টাইগ্রেস দলপতি নিগার সুলতানা ক্রিজের একদিকে টিকে ছিলেন, আরেকদিকে ক্রিজে এসে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি স্বর্ণা আক্তার, রিতু মনি। স্বর্ণা ২২ বলে ১৬ ও রিতু ১৮ বলে ১৭ রান করে ফিরে যান।
অর্ধশতক হাঁকিয়েছেন নিগার সুলতানা, কিন্তু এক তৃতীয়াংশের বেশি বল একাই খেলেছেন তিনি। তার মন্থর ইনিংস চাপ বাড়িয়েছে বাকিদের ওপর। অবশেষে ১০১ বলে ৪ চারে ৫৮ রানের ইনিংস খেলে মিপাগের বলে আউট হন তিনি।
এরপর বাংলাদেশের ইনিংস আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাবেয়া ১৯ বলে ১৫ ও নাহিদা ৪১ বলে ২০ রান করে পরপর দুই ওভারে বিদায় নেন। নাহিদার পর মারুফাও (১) আউট হলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
আতাপাত্তু ৩৬ রানে ৩ উইকেট শিকার করেন। মাধারা, মিপাগে ও ইনোকা রানাবীরা ২টি করে উইকেট নেন। বাকি উইকেটটি যায় দিলহারির ঝুলিতে।
ছোট লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কার জয় নিশ্চিত হয়েছে তিনজনের ব্যাটে ভর করে। ওপেনিংয়ে নামা অধিনায়ক আতাপাত্তু ৩৯ বলে ৮ চারে ৪০ রান করেন। অপরদিকে হাসিনি পেরেরা ৫ ও ইমেশা দুলানি ৮ রান করে বিদায় নেন। তৃতীয় ব্যাটার হিসেবে আতাপাত্তু যখন আউট হন শ্রীলঙ্কার সংগ্রহ ১৬.৪ ওভারে ৭৯।
চতুর্থ উইকেট জুটিতে সামারাবিক্রমা ও করুণারত্নে মিলে ৭৭ রানের জুটি গড়লে বাংলাদেশ ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায়। করুণারত্নে যখন ৬৪ বলে ৬ চারে ৪০ রান করে নাহিদার বলে আউট হন, তখন জয়ের জন্য লঙ্কানদের দরকার আর মাত্র ১০ রান।
৭৬ বলে ৭ চারে ৫০ রান করে নাহিদার তৃতীয় শিকারে পরিণত হন। একই ওভারে কৌশানি নুথিয়াগানাকেও (৪) আউট করেন এই স্পিনার। তবে তাতে লঙ্কানদের জয় খুব একটা দীর্ঘায়িত হয়নি।
নাহিদা ২১ রানে ৪ উইকেট শিকার করেন। সুলতানা খাতুন ও রিতু ১টি করে উইকেট পান।
ডেল্টা টাইমস্/আইইউ