প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:১৪ এএম (ভিজিট : ৩৭)

ইতালি ফুটবল দল। ছবি : সংগৃহীত
ফুটবল মাঠে টানা তিনবার বিশ্বকাপে নাম লেখাতে ব্যর্থ হয়ে যখন হতাশায় ডুবছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, ঠিক তখনই এক অদ্ভুত ও নাটকীয় প্রস্তাব নিয়ে হাজির হলেন ডোনাল্ড ট্রাম্পের এক ঘনিষ্ঠ দূত।
ইরানকে বাদ দিয়ে আসন্ন বিশ্বকাপে ইতালিকে অন্তর্ভুক্ত করার এই প্রস্তাব ফুটবল বিশ্বে যেমন চাঞ্চল্য সৃষ্টি করেছে, তেমনি খোদ ইতালিতেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও অস্বস্তি।
ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত পাওলো জামপোলি সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম 'ফিন্যান্সিয়াল টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, ইরানকে সরিয়ে যেন ইতালিকে বিশ্বকাপে নেওয়া হয়, সে বিষয়ে তিনি ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে জোরালো সুপারিশ করেছেন।
জামপোলি বলেন, আমি ইতালির নাগরিক। যুক্তরাষ্ট্রে আয়োজিত টুর্নামেন্টে আমার দেশকে দেখা হবে এক স্বপ্নের মতো। চারবারের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে থাকার পূর্ণ অধিকার ও ঐতিহ্য আজুরিদের আছে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, জামপোলির এই প্রস্তাবের সাথে ফিফা বা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কোনো আনুষ্ঠানিক যোগসূত্র নেই।
এই প্রস্তাব ইতালির সংবাদমাধ্যমে আসতেই ফুটবল ভক্তদের মধ্যে লজ্জা ও বিরক্তি ছড়িয়ে পড়ে। অধিকাংশ ইতালীয়রা জানান , মাঠে হেরে যাওয়ার পর রাজনীতির মাধ্যমে বিশ্বকাপে জায়গা পাওয়া তাদের ঐতিহ্যের পরিপন্থী।
ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি সরাসরি এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, এটি মোটেও সমীচীন নয়। বিশ্বকাপে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হয় ফুটবল মাঠের লড়াইয়ের মাধ্যমে, টেবিলের আলোচনায় নয়।
একই সুরে ইতালির অর্থনীতি মন্ত্রী জিয়ানকার্লো জিওর্গেত্তি এই পুরো বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
ইতালীয় অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুওনফিগ্লিও এই প্রস্তাবে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, আমি এতে অপমানিত বোধ করছি। ইতালির ফুটবল গৌরব অনেক উঁচুতে, যা এভাবে কোনো রাজনৈতিক সুপারিশে কেনা যায় না।
অন্যদিকে অভিজ্ঞ ফুটবল কোচ জিয়ান্নি ডি বিয়াসি মন্তব্য করেন যে, ইতালিকে বিশ্বকাপে যাওয়ার জন্য ট্রাম্পের সমর্থনের প্রয়োজন নেই।
ইরানকে নিয়ে জামপোলির এমন আপত্তিকর প্রস্তাবের বিপরীতে ফিফা তাদের অবস্থান পরিষ্কার করেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি এক ফোরামে স্পষ্ট জানিয়েছেন, ইরান দল অবশ্যই বিশ্বকাপে অংশ নিচ্ছে। খেলাধুলা এবং রাজনীতি সম্পূর্ণ আলাদা রাখা উচিত।
ডেল্টা টাইমস/সিআর/এমই