
সংগৃহীত ছবি
আগামী ৮ ও ৯ মে ঢাকায় দুই দিনব্যাপী একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করার ঘোষণা দিয়েছে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। এতে সাংবাদিক, সম্পাদক, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন। তারা পেশাটির বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’ শীর্ষক এই আয়োজন ঢাকার হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত হবে।
হাসিবুর রহমান বলেন, আমরা আমাদের সাংবাদিকদের জন্য এমন একটি সুযোগ তৈরি করতে চাই, যাতে তারা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছ থেকে শিখতে পারেন এবং তাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন।
তিনি আরও বলেন, দেশ এখন একটি নতুন গণতান্ত্রিক যাত্রাপথে রয়েছে, যেখানে গণমাধ্যমের যথাযথ ভূমিকা তুলে ধরা প্রয়োজন। সম্মেলনে ১২টি সেশন থাকবে এবং ২০ জনের বেশি আলোচক অংশ নেবেন। এতে ৫০০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া ১০টির বেশি দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরাও যোগ দেবেন।
এ পর্যন্ত যেসব দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পর্তুগাল।
হাসিবুর রহমান জানান, এমআরডিআই আগামী ৫ মে ২৫ বছর পূর্ণ করবে। এ উপলক্ষে তারা প্রতি দুই বছর পরপর এই সম্মেলন আয়োজন করতে চান এবং বাংলাদেশে নিয়মিতভাবে এমন সাংবাদিক সম্মেলন আয়োজনের আশা করেন।
তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকরা সাধারণত এ ধরনের সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ খুব কম পান। তাই এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সংযোগ, মতবিনিময় ও সহযোগিতা বাড়ানো হবে।
তিনি জানান, এমআরডিআই নিরপেক্ষ, অনুসন্ধানী ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতাকে সমর্থন অব্যাহত রাখতে চায়। পাশাপাশি প্রযুক্তিগত পরিবর্তন, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমে যাওয়া, জবাবদিহি, নৈতিকতা এবং বিশেষ করে নারীদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা উৎসাহিত করবে।
সম্মেলনে থাকবে মূল অধিবেশন, বিষয়ভিত্তিক সেশন, সমান্তরাল ট্র্যাক এবং মাস্টারক্লাস—যেখানে সাংবাদিকরা অভিজ্ঞতা বিনিময় ও শেখার সুযোগ পাবেন। বিশেষ গুরুত্ব দেওয়া হবে অনুসন্ধানী সাংবাদিকতা, পাশাপাশি আলোচনা হবে— গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ, জবাবদিহি, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, স্বাধীন গণমাধ্যমের অনুকূল পরিবেশ, ডিজিটাল নিউজরুম রূপান্তর ডেটার ব্যবহার, লিঙ্গসমতা ও অন্তর্ভুক্তি, সাংবাদিকদের নিরাপত্তা, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের মধ্যে অংশীদারিত্ব জোরদার।
সম্মেলনস্থলে এমআরডিআই অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার, ফ্যাক্ট-চেকিং মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে চারটি হেল্প ডেস্ক স্থাপন করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল রাত ১২টা ১ মিনিটে একটি নির্দিষ্ট মাইক্রোসাইটে কনফারেন্সের জন্য নিবন্ধন শুরু হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে আবেদন নেওয়া হলেও, চূড়ান্ত নির্বাচন করবে আয়োজকরা। বাংলাদেশের ভেতরে ও বাইরে কর্মরত স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা আবেদন করতে পারবেন। এছাড়া শিক্ষক, গবেষক, ফ্যাক্ট-চেকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজের সদস্য এবং এমআরডআই’র সাবেক শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীদের অংশ নিতে হলে এমআরডিআই এর অনলাইন বেসিক সাংবাদিকতা কোর্স সম্পন্ন করতে হবে। সীমিত আসনের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের নির্বাচিত করা হবে।
এছাড়া, ঢাকার বাইরে থেকে ১৫ জন সাংবাদিকের জন্য ফেলোশিপ ঘোষণা করা হয়েছে। আবেদনকারীদের আগে থেকেই স্টোরি আইডিয়া জমা দিতে হবে। মূল্যায়নের মাধ্যমে ফেলো নির্বাচন করা হবে এবং এমআরডিআই তাদের মেন্টরশিপ দেবে। যদি কোনও সংবাদমাধ্যম অনুমোদিত প্রতিবেদনের জন্য ব্যয় প্রয়োজন মনে করে, এমআরডিআই সেই খরচ বহন করবে। ফেলোরা অনুসন্ধানী সাংবাদিকতা সেশন ও মাস্টারক্লাসে অগ্রাধিকার পাবেন।
ডেল্টা টাইমস্/আইইউ