যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বকাপ খেলবে ইরান: নিশ্চয়তা দিলেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার মাঝে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় কাটেনি। তবে আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে

2026-04-16T13:47:54+06:00
2026-04-16T13:47:54+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বকাপ খেলবে ইরান: নিশ্চয়তা দিলেন ইনফান্তিনো
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৭ পিএম   (ভিজিট : ২২)
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার মাঝে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় কাটেনি। তবে আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার সিএনবিসির ‘ইনভেস্ট ইন আমেরিকা’ ফোরামে দেওয়া এক বক্তব্যে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান জাতীয় দল নিশ্চিতভাবেই বিশ্বকাপে অংশ নিচ্ছে।

বিশ্বকাপে ইরান ‘সি’ গ্রুপে মিশর, নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের মুখোমুখি হবে। ইরানের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের মাটিতে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ইনফান্তিনো মনে করেন, রাজনৈতিক পরিস্থিতির চেয়ে খেলোয়াড়দের ইচ্ছার মূল্য অনেক বেশি।

তিনি বলেন, ‘ইরান জাতীয় ফুটবল দল নিশ্চিতভাবেই আসছে। আমরা আশা করি ততদিনে পরিস্থিতি শান্ত ও শান্তিপূর্ণ হয়ে যাবে। ইরানকে আসতেই হবে, কারণ তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে। তারা যোগ্যতা অর্জন করে এখানে এসেছে এবং খেলোয়াড়রা খেলতে চায়।’

দুই সপ্তাহ আগে তুরস্কের আনতালিয়াতে ইরান ফুটবল দলের সঙ্গে দেখা করেছিলেন ইনফান্তিনো। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। তারা বেশ ভালো একটি দল। তারা খেলার জন্য মুখিয়ে আছে এবং তাদের খেলতে দেওয়া উচিত। খেলাধুলাকে এখন রাজনীতির বাইরে রাখা উচিত।’

রাজনীতি ও খেলাধুলাকে পুরোপুরি আলাদা করা সবসময় সম্ভব নয়—এমন বাস্তবতাকে স্বীকার করেও ইনফান্তিনো বলেন, ‘আমরা তো আর চাঁদে বাস করি না, এই পৃথিবীতেই থাকি। কিন্তু দেখুন, যদি আর কেউ সেতুবন্ধন তৈরিতে বিশ্বাস না-ও করে, আমরা (ফিফা) সেই কাজটিই করে যাচ্ছি।’

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক। সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে এবং একটি ম্যাচ সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ইরান দলকে এই টুর্নামেন্টে না আসার জন্য নিরুৎসাহিত করেছেন। ইরান সরকারের পক্ষ থেকেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ফিফা প্রধানের এমন আশ্বাসের পর ঘটনা কোনদিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ