প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:৩২ পিএম (ভিজিট : ১০৯)

সংগৃহীত ছবি
ফরিদপুরে বন্ধ থাকা দুটি তেলের পাম্পে অভিযানকালে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেল পাওয়া গেছে। এ সময় হোসেন ফিলিং স্টেশন নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয় এবং রয়েল ফিলিং স্টেশন নামে অপর আরেকটি প্রতিষ্ঠানকে তেল বন্টণের শর্তে মওকুফ করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা সদরের বিভিন্ন ফিলিং স্টেশনে অবৈধ মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, পেট্রোলিয়াম পণ্য মজুদ ও ভোক্তা পর্যায়ে বিক্রি বন্ধ রয়েছে এমন অভিযোগে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেসকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন জেলা সদরের কানাইপুর এলাকায় অবস্থিত হোসেন ফিলিং স্টেশনে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ বন্ধ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাম্পটি বন্ধ পাওয়া যায় এবং সন্দেহ অনুযায়ী ট্যাংকে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার জ্বালানির অবৈধ মজুদ পাওয়া যায়। যার মধ্যে ৭ হাজার লিটার পেট্রোল, সাড়ে ৬ হাজার লিটার অকটেন এবং সাড়ে ১৪ হাজার লিটার ডিজেল রয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার সাবির চৌধুরীকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভোক্তা পর্যায়ে তেল সরবরাহের ব্যবস্থা করা হয়।
তিনি আরো জানান, এছাড়া পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ থাকার অভিযোগে একই মহাসড়কের রয়েল ফিলিং স্টেশনে অভিযানকালে ২৫ হাজার ৯’শ লিটার জ্বালানি তেলের অবৈধ মজুদ পাওয়া যায়। যার মধ্যে সাড়ে তিন হাজার পেট্রোল, তিন হাজার ৪’শ লিটার অকটেন ও ১৯ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। এসময় পাম্পের মালিক ও ম্যানেজার মেশিনের সমস্যা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করায় তাকে অর্থদন্ড প্রদান করা হয়নি। পাম্পটি থেকে তাৎক্ষণিকভাবে পেট্রোল ও অকটেন সরবরাহ লাইন ওপেন করে ভোক্তাদের সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেসকাতুল জান্নাত রাবেয়া জানান, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে এবং বর্তমানে স্বাভাবিকভাবে তেল প্রদান অব্যাহত রয়েছে।
ডেল্টা টাইমস্/আইইউ