
চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ সংসদীয় আসন গাজীপুরের ৯৩৫ টি কেন্দ্রে সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ শুরু হলেও দুপুর থেকেই ৬০ ভাগ ভোট কেন্দ্র ফাঁকা দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গাজীপুর ১ আসনের ফুলবাড়িয়া, ঢালজোড়া, চাপাইর, গাজীপুর ৩ আসনের বারতোপা, মাওনা, আমরাইরসহ অন্যান্য ইউনিয়ন, পৌরসভা এলাকার কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র। কেন্দ্রের ভেতর অনেকটাই অলস সময় পার করতে দেখা গেছে এজেন্ট ও পোলিং অফিসারদের। ভোটারদের কোন লাইন নেই। হঠাৎ দুই একজন কেন্দ্রে আসছেন ভোট দিতে।
এর আগে, সকাল সাড়ে ৭টা থেকে গাজীপুরের পাঁচটি আসনে উৎসবমুখর পরিবেশে এক যোগে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। বেশির ভাগ ভোট কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।
কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেন্দ্রে আলিম হোসেন নামে এক এজেন্ট জানান, সকাল থেকে মোটামুটি ভোটার উপস্থিতি ছিল। কিন্তু দুপুরের পর থেকে অনেক কম। একদম ফাঁকা কেন্দ্রে বসে আছি। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৬০০।
শ্রীপুর উপজেলার বারোতোপা ইউনিয়নের শিমলাপাড়া কেন্দ্রে জামায়াতের এক এজেন্ট জানান, সকালে মহিলা ভোটার বেশি ছিল। দুপুর থেকে খুব একটা নেই। বিকেলে কিছু ভোটার উপস্থিতি হতে পারে।
এদিকে গাজীপুরের ভোটের মাঠে এখনো পর্যন্ত বড় কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। কেদ্রগুলোতে পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি র্যাব সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স রয়েছে। সকাল থেকেই মোবাইলকোর্ট পরিচালনাকারী টিম ভোটের মাঠে তৎপর রয়েছে।
কালিয়াকৈর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল ইসলাম জানান, গতকাল রাত থেকেই গাজীপুর-১ আসনে ব্যাপক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার রয়েছে। সকাল থেকেই সুন্দরভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ পর্যন্ত কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আমরা সর্বক্ষণ মাঠে রয়েছি। কোথাও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। মানুষ আনন্দের সাথে ভোট দিচ্ছেন।
ডেল্টা টাইমস্/আইইউ