
গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) নতুন সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার রায়। তিনি গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, চাকরিজীবনে ৬০ বছর পূর্ণ হওয়ায় গত (৩১ ডিসেম্বর ২০২৫) তারিখে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আমজাদ হোসেন অবসর গ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গত (১৩ জানুয়ারি ২০২৬) তারিখে শূন্য পদে ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার রায়কে নিয়োগ প্রদান করে।
তিনি গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে গাইবান্ধা পবিসে সিনিয়র জেনারেল ম্যানেজার হিসাবে যোগদান করেন। যোগদানের পর গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সদস্য ও কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে তিনি সমিতির বোর্ড কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন।
সভায় শুভেচ্ছা বক্তব্যে ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার রায় বলেন, দ্বিধা-দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতিকে একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সিস্টেম লস কমিয়ে আর্থিক কাঠামো শক্তিশালী করার মাধ্যমে সমিতিকে সম্মানজনক অবস্থানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে জোরালো আশ্বাস দেন এবং এ ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার রায় এর আগে শতভাগ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট-২ ও মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে জেনারেল ম্যানেজার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ডেল্টা টাইমস্/আইইউ