কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দুই বাংলাদেশি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ এএম (ভিজিট : ১০)

ভালো কাজের আশায় ভারতে গিয়ে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী-পুরুষ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ নভেম্বর ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেয় বেনাপোল পোর্ট থানা পুলিশ।
ফেরত আসা নাজমুল হাওলাদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সানকিভাঙ্গা গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে ও নয়ন তারা (ছব্দ নাম) চাঁদপুর জেলার কচুয়া থানার বড়দল গ্রামের মো. কাশেমের মেয়ে।
পুলিশ জানায়, ভারতের ঝাড়খান্ড রাজ্যে বাসা বাড়িতে ও ইটভাটায় কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে ঝাড়খান্ড পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে তাদের তিন বছরের সাজা দেয় আদালত।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, তিন বছর কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা দুইজন বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা দুই নারী ও পুরুষকে বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই তাদের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডেল্টা টাইমস/সিআর/এমই