ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) যাবে। পাকিস্তান সফরকালে দেশটির সাংবাদিকদের

2026-11-28T15:17:13+06:00
2026-11-28T15:17:13+06:00
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ০)

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) যাবে। পাকিস্তান সফরকালে দেশটির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। 

ইসলামাবাদে পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা, ভারতের সঙ্গে সম্পর্ক এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন। 

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে। তবে তিনি দেশে ফিরবেন না মন্তব্য করে স্পিকার বলেন, তার ফেরার ঘোষণাগুলো কেবল কর্মীদের সক্রিয় রাখার জন্য, আগামী ১০ বছরেও তিনি দেশে ফিরবেন না।

শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, এর সমালোচনা করে স্পিকার বলেন, ভারত যদি হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তবে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) শরণাপন্ন হবে।
 

হাসিনার শাসনামল নিয়ে তিনি আরো বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ প্রতিবেশী দেশের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল, যার ফলে দেশের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে।

বাংলাদেশের মানুষ বরাবরই গণতান্ত্রিক এবং তারা কোনো ধরনের স্বৈরশাসন সহ্য করে না অভিমত জানিয়ে স্পিয়াক্র বলেন, এমনকি ১৯৭১ সালেও তারা গণতন্ত্র দাবি করেছিল, কিন্তু তাদের সেই অধিকার দেওয়া হয়নি। ১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশটি সামরিক ও বেসামরিক উভয় ধরনের শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এর মাঝে বেসামরিক স্বৈরশাসকদের স্বৈরশাসন ছিল সবচেয়ে ভয়াবহ প্রকৃতির। 

পাকিস্তান ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা একই ধরনের উল্লেখ করে স্পিকার বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছিল। দুর্ভাগ্যবশত দেশ দীর্ঘ সময় প্রকৃত গণতন্ত্র পায়নি, তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে তিনি জানান। 








  এই ক্যাটেগরির আরো সংবাদ