ফ্যাসিবাদ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বাড়ানো সম্ভব হয়েছে বলেও প্রশ্ন করে তিনি।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন-২০২৬-এ দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেছেন, শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়িয়ে বেকারত্ব কমানো সম্ভব নয়। অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার বিকল্প নেই। দেশের উচ্চশিক্ষাব্যবস্থাকে গতানুগতিক ধারা থেকে বের করে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য শিক্ষার্থীদের ব্যবহারিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা, ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি বহুভাষা শিক্ষার সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩ শতাধিক কলেজের অধ্যক্ষদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকদর্শী এবং একাডেমিক নেতৃত্বের কেন্দ্র। ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে তাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা অনেকাংশে নির্ভর করে।
তিনি বলেন, শহর ও গ্রামের সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়।
ফ্যাসিবাদের সময় অন্য সবকিছুর মতো দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে নিয়ে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে। একে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তবে, এসব উদ্যোগ বাস্তবায়নে কলেজের অধ্যক্ষদেরই নেতৃত্ব দিতে হবে।
প্রযুক্তিনির্ভর শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ
প্রধানমন্ত্রী বলেন, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের সম্পর্ক আরও কার্যকর করতে শিক্ষক প্রশিক্ষণ এখন সময়ের দাবি। প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি চালু করতে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতি বছর সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি থাকার অন্যতম কারণ।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, বিশ্বের অর্ধেক মানুষ এখনো তৃতীয় শিল্পবিপ্লবের সুবিধা ভোগ করতে পারেনি। এরই মধ্যে বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। ফলে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা এবং পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তিসহ নতুন নতুন প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎ আমূল বদলে দিচ্ছে। এসব প্রযুক্তির আবিষ্কার একদিকে পুরোনো অনেক পেশার বিলুপ্তি ঘটিয়ে বেকারত্বের কারণ হচ্ছে, অন্যদিকে নতুন নতুন চাকরির ক্ষেত্রও তৈরি করছে।
প্রধানমন্ত্রীর ভাষায়-শিক্ষা মানুষকে শক্তি দেয়, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে রূপান্তরিত করে। লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার মতো। তাই অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে হবে। এজন্য শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন অনিবার্য।
শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দেড় হাজার সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, শিল্পখাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। আর শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামীর উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। শ্রেণিকক্ষ হবে জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনের কেন্দ্র, গবেষণাগার নতুন সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্র এবং শিল্পপ্রতিষ্ঠান অর্জিত জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরের কার্যকর পাঠশালা।
তিনি জানান, উচ্চশিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে সরকার এরইমধ্যে শিক্ষানবিশ কর্মসূচি, ইন্টার্নশিপ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিয়েছে। গত কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
অধ্যক্ষ সম্মেলনে শিল্পোদ্যোক্তা ও চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণকে এসব উদ্যোগের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সময় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি, প্রযুক্তি উন্নয়ন এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সূতিকাগার হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
এজন্য বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে অধ্যক্ষ ও উপাচার্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থী থাকা অবস্থায়ই একজন শিক্ষার্থী লক্ষ্যনির্ভর কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষাজীবন শেষে চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা অর্জন করতে পারেন।
বহুভাষা শিক্ষা ও ক্যারিয়ার কাউন্সেলিং
প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক শিক্ষার সমন্বয় ঘটানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নৈতিক মানসম্পন্ন কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। তবে, শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখলেই চূড়ান্ত সাফল্য আসবে না।
সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার পরিকল্পনা ও পদক্ষেপের সুফল পেতে একাধিক ভাষা শিক্ষার ওপর জোর দিতে হবে। বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজির পাশাপাশি সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করতে আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, ইতালীয়সহ আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন অন্যান্য ভাষা শেখার সুযোগ তৈরি করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
শিক্ষকসংকট নিরসন ও নিয়োগে উদ্যোগের আহ্বানশিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণেও সরকার সচেতন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।
এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ জরুরি।
কলেজে সৌরবিদ্যুৎ স্থাপনের আহ্বান
বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগিতা রয়েছে, সেসব কলেজে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতে হবে।
পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি নিজেদের বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানকে দলাদলি ও গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বে রাখার আহ্বানশিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখা জরুরি। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবে। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয়, সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে।
একই সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে প্রতিটি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যে দেশ জ্ঞানে-গুণে সমৃদ্ধ হবে, কর্মে আত্মনির্ভর হবে, মানবিকতায় সমুন্নত থাকবে এবং বিশ্বমঞ্চে নিজের মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। সম্মেলনে উপস্থিত শিক্ষকদের প্রতি আবারও আন্তরিক শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
ডেল্টা টাইমস/সিআর/এমই