প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম (ভিজিট : ০)

বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা ও ক্রেতাদের আস্থা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সরাসরি সমন্বয় ও যৌথ উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আধুনিক প্যাকেজিং, কার্যকর মান নিয়ন্ত্রণ ও কৃষিপণ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে রফতানি সম্ভাবনা আরও বাড়বে। এ জন্য দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইইউর সঙ্গে সমন্বিত ও সহযোগিতামূলক কার্যক্রম নিতে হবে। এতে নতুন বাজারে প্রবেশ এবং বিদ্যমান বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
কৃষির উৎপাদনশীলতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে। মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি নির্ণয় করে সে অনুযায়ী সার দিলে উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব। এ জন্য বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও পুষ্টিমানভিত্তিক মানচিত্র তৈরির নির্দেশ দেন তিনি। অঞ্চল ও মৌসুমভেদে কোন এলাকার মাটি কোন ফসলের জন্য উপযোগী, তা চিহ্নিত করে কৃষকদের পরামর্শ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর কথাও বলেন মন্ত্রী। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং ব্যবস্থা আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রফতানি হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন তাজা ফল, ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন তাজা শাকসবজি এবং ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন মসলা ও অন্যান্য পণ্য। আগের অর্থবছরে রফতানি ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন, অর্থাৎ এক বছরে বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।
ফলের মধ্যে সবচেয়ে বেশি রফতানি হয়েছে আম (১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন), কাঁঠাল (৭১৯ দশমিক ২২ মেট্রিক টন) ও লেবুজাতীয় ফল (৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন)। এ ছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন পণ্য রফতানি হচ্ছে।
উল্লেখযোগ্য গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিস।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় প্যাকিং হাউস চালুর আগে মানদণ্ড প্রতিপালনে অসংগতির কারণে ইইউ থেকে প্রতিবছর প্রায় ১২০ থেকে ১৭০টি নোটিফিকেশন আসত। চালুর পর তা কমে বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে নেমেছে।
আম রফতানিতে সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কঠোর পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আম রফতানি হয়েছে। এসব চালানের বিপরীতে মানসংক্রান্ত কোনো নোটিফিকেশন আসেনি।
২০১৭-১৮ অর্থবছর থেকে প্যাকিং হাউসের মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড উদ্ভিদ স্বাস্থ্য সনদ দেওয়া হচ্ছে। রফতানিযোগ্য পণ্যের পরীক্ষা, ক্ষতিকর বালাই শনাক্তকরণ ও কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয়ের পাশাপাশি নিজস্ব তালা ও সিলগালার মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত পণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে।
গত পাঁচ অর্থবছরে (২০২১-২২ থেকে ২০২৫-২৬) ২১ হাজার ৫১৬টি উদ্ভিদ স্বাস্থ্য সনদ দিয়ে প্রতিষ্ঠানটি রাজস্ব পেয়েছে ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ২৩ টাকা। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরেই ৪ হাজার ৫০৪টি সনদ দিয়ে আদায় হয়েছে ২৩ লাখ ৫৬ হাজার ১১০ টাকা।
সভায় প্যাকিং হাউসের অবকাঠামো ও কারিগরি সক্ষমতা, মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা নিয়ে আলোচনা হয়। সভা শেষে মন্ত্রী বিভিন্ন পরীক্ষাগার ঘুরে দেখেন এবং কারিগরি কর্মকর্তাদের কাছ থেকে পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে জানতে চান।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইন, উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর প্রকল্পের পরিচালক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় প্যাকিং হাউসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক আবু আহমেদ তারিফ ও সংগনিরোধ কীটতত্ত্ববিদ সমর বাড়ৈসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।