বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (বেবিচক) ই/এম প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার

2026-11-25T12:25:37+06:00
2026-11-25T12:25:37+06:00
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ০)

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (বেবিচক) ই/এম প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের একটি ইনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। বুধবার (২৫ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করছেন বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছেন।

এছাড়া ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস, শরীয়তপুরের জাজিরার মূলনা ইউনিয়ন ভূমি অফিস এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও পৃথক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।

বেবিচকের অভিযোগের বিষয়ে দুদক সূত্রে, বেবিচকের ই/এম প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়াসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের সঙ্গে যোগসাজশে পাসপোর্ট সেবা দিতে হয়রানি, সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বরিশাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় অভিযান পরিচালনা করছে।

আর শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারি কার্যক্রমে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি, ফাইল আটকে রাখা, দালালের মাধ্যমে ঘুস লেনদেন এবং সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি ও আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর অভিযান পরিচালনা করছে।

এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের হয়রানি এবং কার্ডিওলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রসিদ ছাড়া অর্থ আদায় করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অভিযান চালাচ্ছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ