শিক্ষা খাতের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের এই প্রতিনিধি।
এ সময় দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা খাতের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। অন্যদিকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি ও এ খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাউদ মিয়া এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন।