২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপারগেট-কাণ্ডে বিতর্কিত হয়েছিল অস্ট্রেলিয়া। পক্ষে-বিপক্ষে আলোচনার মাঝে প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব হারাতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সভায় ‘সর্বসম্মত সমর্থন’ পেয়েছেন কামিন্স। একইসঙ্গে দুই ফরম্যাটের নেতৃত্বে বহাল রাখা হয়েছে তাকে।
গতকাল (শুক্রবার) সিডনিতে কামিন্সের সঙ্গে বৈঠক করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী (সিইও) টড গ্রিনবার্গ। বৈঠক শেষে কামিন্স জানান, চলমান পরিস্থিতিতে এই আলোচনা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। এরপর আজ (শনিবার) কামিন্স অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে অস্ট্রেলিয়ার দুই ফরম্যাটের এই অধিনায়ক বলেছেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া অনেক বড় দায়িত্বের বিষয়। আমি কখনোই এই দায়িত্বকে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না। এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেট পরিচালনা করা ডেভিড ও টডের জন্য বেশ চ্যালেঞ্জিং। তারা আমার পাশাপাশি ২০১৮ সালের সফরে থাকা অনেক খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। এজন্য তাদের প্রশংসা করি।’
চলমান বিতর্কের সমাধানে সম্প্রতি সিএ স্বাধীন ফোরাম গঠন করে সবার বক্তব্য শোনার কথা ঘোষণা দিয়েছিল। সেই ফোরামে অংশ নেওয়ার কথা জানিয়ে কামিন্স বলছেন, ‘আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। সেখানে আমি উপস্থিত থাকব। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তারাও নিজেদের বক্তব্য তুলে ধরতে সেখানে যেতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে। তবে এই মুহূর্তে সেটাই প্রয়োজন। এ ছাড়া এখন থেকে পার্থে (নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে) অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়াই আমার মনোযোগ ও অগ্রাধিকারের বিষয়।’
কামিন্স, বুন ও গ্রিনবার্গের বৈঠকে তার শারীরিক ও মানসিক সুস্থতা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের টেস্ট সিরিজে প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও আলোচনায় এসেছে। একই বিবৃতিতে সিএ’র চেয়ারম্যান ডেভিড বুন বলছেন, ‘এই কঠিন সময় থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে দায়িত্বশীলতা ও ধৈর্যের সঙ্গে এগিয়ে নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। একইসঙ্গে সবার কথা শুনতে এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই।’
‘এ সপ্তাহে আমরা যে স্বাধীন ফোরামের ঘোষণা দিয়েছি, সেটির উদ্দেশ্যও এটাই। বোর্ড সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে সেখানে নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরতে উৎসাহিত করছে। যথাসময়ে ফোরামের কার্যপরিধি ও শর্তাবলি প্রকাশ করা হবে’, আরও যোগ করেন তিনি।
২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব পান কামিন্স। তার অধীনেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। কামিন্সসহ স্যান্ডপেপার-কাণ্ডে ক্ষতিগ্রস্ত সবার প্রতি উদ্বেগ প্রকাশ করে বুন জানান, ‘প্যাটের প্রতি আমাদের সমর্থনের কথা জানিয়েছি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় প্রভাবিত প্রত্যেকের প্রতিও আমাদের উদ্বেগ রয়েছে। সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। গত আট বছরে প্যাট ও দলের অন্য নেতারা যে দলীয় সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে– এমন যেকোনো ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’
ডেল্টা টাইমস/সিআর/এমই