প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম (ভিজিট : ১৬)

ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
নভেম্বরে এখন পর্যন্ত সারাদেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে গণপরিবহনসহ বিভিন্ন পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা, ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে তারা কোনো ঝটিকা মিছিল করতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। সে কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তারা গ্রেফতার হবেন।
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এখন পর্যন্ত পুলিশের স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ২৮টি। পুলিশের স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মামলা হয়েছে একটি এবং গ্রেফতার করা হয়েছে চারজনকে।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে পুলিশের কাছে থাকা তথ্যের চেয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বেশি রয়েছে। পুলিশের তথ্য সংগ্রহ ও প্রকাশের একটি প্রক্রিয়া আছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। আর ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।
জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় এখন পর্যন্ত দলটির চারজন কর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে এসব ঘটনার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একটি হাসপাতালেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি কোনো যুদ্ধ নয়। এমনকি যুদ্ধের মধ্যেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। একজন সংসদ সদস্যের হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে এ ধরনের তাণ্ডব ধারাবাহিকভাবে চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত
ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তিনি জানান, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ৩০ বছর। আগামী ১২ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি বণ্টনের বিষয়ে করা চুক্তির মেয়াদও ওই দিন শেষ হবে।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ভারতকেও একই ধরনের কমিটি গঠন করে প্রথম বৈঠকের আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী ভারতের জনশক্তিমন্ত্রীকে এ বিষয়ে একটি চিঠি লিখেছেন বলেও জানান তিনি।
ডেল্টা টাইমস/সিআর/এমই