লিবিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম (ভিজিট : ১৪)

স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া হতে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ার (ইউজেড-২২২) ফ্লাইটে করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাতের ফিরিয়ে আনা হয়।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দুর্বিষহ অভিজ্ঞতা সবাইকে সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর এক সঙ্গে কাজ করে যাচ্ছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই