প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির।মঙ্গলবার (২৪

2026-11-24T10:25:13+06:00
2026-11-24T11:04:14+06:00
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হা‌সিনার ফেরার প্রশ্নে হুমায়ুন ক‌বির
প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৫ এএম  আপডেট: ২৪.১১.২০২৬ ১১:০৪ এএম  (ভিজিট : ২২)

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শে‌ষে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দে‌শে ফেরা নিয়ে এক প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করানো সম্ভব। তবে এসব খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। তিনি সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকার ঐক্যবদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং দেশের মানুষের সমর্থনের ওপর আস্থাশীল। দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের শক্ত অবস্থান রয়েছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলেও মানুষ এতে আতঙ্কিত হচ্ছে না।

তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা এ ধরনের কর্মকাণ্ড ও নোংরামি দেখতে চায় না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

সরকার পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর অবস্থানে যাবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হয়। ব্রিফিংয়ে অংশ নিয়েছেন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়াসহ প্রায় ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা। সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ