রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ এএম আপডেট: ২৪.১১.২০২৬ ৯:৫৯ এএম (ভিজিট : ১৭)

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহ কার্যক্রম এগিয়ে চলছে। রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায়। একই সময়ে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও শুরু হয়েছে। এতে কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম পূর্ণ সক্ষমতার দিকে আরও এক ধাপ এগোল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট আটটি চালান দেশে পৌঁছাল।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এসব জ্বালানি মোট নয়টি চালানে বাংলাদেশে পৌঁছানোর কথা।
এদিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় দফার পরীক্ষায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হয়। সেদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। পরীক্ষার সময় জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে পরে উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ ১০ থেকে ২৪ ঘণ্টা চলবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই