প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ৭:৪৪ পিএম (ভিজিট : ৩)

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সব সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যে চক্রান্ত চলছে, তা রুখে দিতে হবে। বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রামের মধ্য দিয়ে অধিকার আদায় করেছে। তিনি বিশ্বাস করেন, দেশের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের মানুষ সক্ষম হবে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে আদর্শ প্রতিষ্ঠিত হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে।
এ সময় তিনি প্রয়াত বৌদ্ধ ধর্মীয় নেতাদের স্মরণ করেন এবং তাঁদের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, তাঁদের কর্ম ও অবদানের জন্য তাঁরা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
গৌতম বুদ্ধের জীবন থেকে শিক্ষা নিয়ে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে চলার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। কিন্তু সেই সুযোগ নষ্ট করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই নৈরাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতীতেও এ ধরনের অপচেষ্টা প্রতিহত করেছে। সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছে।
বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। দেশের বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানসহ বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, সংবিধান আপনাদের যে অধিকার দিয়েছে, তা রক্ষায় সচেতন হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। এ দেশের সবাই বাংলাদেশি নাগরিক। সবার অধিকার রক্ষায় আমাদের সোচ্চার হতে হবে।
বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের সুনাম ও ঐতিহ্য রয়েছে। তা সমুন্নত রাখতে হবে। আমরা সবাই এই মাটির সন্তান। দেশ, জনগণ, মা ও মাটিকে ঘিরে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করেন। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে প্রত্যাখ্যান করেছে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ রয়েছে।
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম দেশে ফিরিয়ে এনেছিলেন। এর মধ্য দিয়ে তিনি এ দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন। সেই পবিত্র দেহভস্ম এখনো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে, যা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সম্পদ।
এর আগে অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় তিনি একটি স্মারকগ্রন্থের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।