প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম (ভিজিট : ০)

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের প্রায় ২৬ শতাংশই নদীভাঙনের শিকার। গত ৫০ বছরে নদীভাঙনে বাংলাদেশের প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে মানুষ শুধু বসতভিটা ও জীবিকা হারাচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সামাজিক বন্ধন, নাগরিক অধিকার, মানসিক সুস্থতা ও নিজস্ব পরিচয়ের অনুভূতি।
সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, নাগরিক অধিকার ও জীবিকার নিরাপত্তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
ইনসাইটস নলেজ, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) পরিচালিত ‘সাকিন’ শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। হিউম্যানিটারিয়ান অ্যাডভাইজরি গ্রুপের (এইচএজি) অর্থায়নে সিরাজগঞ্জ ও শরীয়তপুর জেলায় গবেষণাটি পরিচালিত হয়।
ইনসাইটস নলেজের চেয়ারপারসন নাহিদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব।
তিনি বলেন, নদীভাঙনে সম্পদের ক্ষয়ক্ষতির চেয়েও বড় বিষয় হলো, মানুষ ঠিকানাহীন হয়ে পড়ে। অনেক সময় নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষ নাগরিক পরিচয় ও সরকারি সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়। এ কারণে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ফ্যামিলি ট্রি তৈরি এবং পরিবারের তথ্য শনাক্ত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি কোথা থেকে এসেছেন, তাঁর উৎস কী এবং পরিবারের শিকড় কোথায়, তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে। এর মাধ্যমে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের চিহ্নিত করা যাবে।
গবেষণার ফলাফল উপস্থাপন করেন ইনসাইটস নলেজের উপদেষ্টা সুমন আহসানুল ইসলাম। তিনি বলেন, নদীভাঙন শুধু ভূমি ও বসতভিটা হারানোর দুর্যোগ নয়; এটি মানুষের জীবিকা, পরিচয়, সামাজিক সম্পর্ক, মানসিক অবস্থা, নাগরিক অধিকার ও ব্যক্তিগত পরিচয়কে প্রভাবিত করে। এর ফলে মানুষের জীবনে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়।
তিনি বলেন, নদীভাঙনের প্রভাব পরিবারের সব সদস্যের ওপর সমানভাবে পড়ে না। নারীদের জীবিকার সুযোগ ও গৃহস্থালির উৎপাদনমূলক কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবারের বয়স্ক সদস্য ও শিশুদের প্রতি তাঁদের দায়িত্ব বেড়ে যায়। শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটে, যার ফলে শিশুশ্রমও বৃদ্ধি পায়।
গবেষণায় আরও দেখা গেছে, গবেষণার আওতাভুক্ত এলাকায় ১৪ বছরের বেশি বয়সী কোনো অবিবাহিত মেয়ে শিশু পাওয়া যায়নি। অর্থাৎ এসব এলাকায় বাল্যবিয়ের হার দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি।
ইনসাইটস নলেজের উপদেষ্টা ড. এহছানুর রহমান বলেন, নদীভাঙন মোকাবিলায় শুধু নদীতীর রক্ষা নয়, ক্ষতিগ্রস্ত মানুষের জীবন, জীবিকা, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দেওয়াই এ গবেষণার মূল লক্ষ্য।
তিনি বলেন, নদীভাঙনের কারণে সৃষ্ট মানসিক কষ্ট বাস্তুচ্যুত মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এ সংকট মোকাবিলায় নদীশাসন ও জরুরি সহায়তার পাশাপাশি নিরাপদ বসতি, টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষার ধারাবাহিকতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।