ভোলার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা, সেবা পেলেন ৩০ হাজার মানুষ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

নদী ও সাগর বেষ্টিত দেশের একমাত্র দ্বীপজেলা ভোলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে

2026-11-22T10:01:40+06:00
2026-11-22T10:01:40+06:00
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা, সেবা পেলেন ৩০ হাজার মানুষ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:০১ এএম   (ভিজিট : ০)

নদী ও সাগর বেষ্টিত দেশের একমাত্র দ্বীপজেলা ভোলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নিজ উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন। ইতোমধ্যে ২১টি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

তথ্যমন্ত্রীর উদ্যোগে পরিচালিত এসব ক্যাম্পে রাজধানী ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা গাইনি, শিশু ও মেডিসিন বিভাগে চিকিৎসাসেবা দিচ্ছেন। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন ভোলার অসহায় ও নিম্ন আয়ের মানুষ।

মেডিকেল ক্যাম্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং তথ্যমন্ত্রীর দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতারা জানান, দ্বিতীয় ধাপে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার চরসামাইয়া, ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এসব ক্যাম্প থেকে প্রায় ৫ হাজার মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ নিয়েছেন। এ ধাপে গতকাল পর্যন্ত মোট ৬টি ইউনিয়নে মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

তারা আরও জানান, চলতি বছরের ১১ সেপ্টেম্বর ‘সবার জন্য, সুস্থ জীবন’ প্রতিপাদ্যে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেন তথ্যমন্ত্রী। প্রথম ধাপে ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় ২টিসহ মোট ১৫টি ক্যাম্প পরিচালনা করা হয়। দ্বিতীয় ধাপের ক্যাম্প শুরু হয় ১৫ নভেম্বর। এ পর্যন্ত ২১টি ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।

মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সদর উপজেলার চরসামাইয়া ও ভেদুরিয়া ইউনিয়নের মাইনউদ্দিন, কবির, খোরশেদ, পারুল, নাসিমা, মুন্নি ও শিউলি আক্তার। তারা বলেন, আমরা ঠিকমতো ৩ বেলা খেতেই কষ্ট হয়ে যায়। শরীরে নানা অসুখ ঢুকছে, অর্থকষ্টের কারণে বড় ডাক্তারের (বিশেষজ্ঞ) কাছে ভিজিটের টাকা দিয়ে যাইতেও পারি না। গ্রামে মাইকিং করছিল, শুনছি যে আমাগো মঞ্জু মিয়ার বড় পোলা (তথ্যমন্ত্রী পার্থ) আমাগো বাড়ির পাশে আমাগো লাইগা বড় ডাক্তার ও ওষুধ পাঠাইবো। সে মাইকিং শুইন্না আজকে মেডিকেল ক্যাম্পে আইসা বড় ডাক্তারকে সব সমস্যার কথা বলছি। পরে ডাক্তার ওষুধ লিইখা দিছে, এবং সেখান থেকেই ফ্রিতে ওষুধও দিছে। আমরা অনেক খুশি। আমরা চাই যেন এভাবে চলতে থাকে।

স্থানীয় সচেতন মহলের এম হেলাল উদ্দিন গোলদার, মো. মহিউদ্দিন ও মঞ্জুর আলম বলেন, বছরের পর বছর ধরে দ্বীপজেলা ভোলার প্রায় ২২ লাখ মানুষের উন্নত চিকিৎসার শেষ ভরসাস্থল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালটিতে নামমাত্র চিকিৎসাসেবা চলে। এখানকার উচ্চবিত্ত ও ধনীরা ভোলা কিংবা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন। অথচ গরিব মানুষ সরকারি হাসপাতালেও ঠিকমতো চিকিৎসা পান না। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের।

তারা আরও বলেন, ভোলার ভঙ্গুর সরকারি চিকিৎসাব্যবস্থার মধ্যে তথ্যমন্ত্রীর নিজ উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প এ জনপদে আশার আলো জ্বেলেছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এতে শুধু নিম্নবিত্তরাই নন, মধ্যবিত্তরাও উপকৃত হচ্ছেন। তারা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাচ্ছেন। এ কার্যক্রম অব্যাহত রাখার দাবিও জানান তারা।

ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন বলেন, ভোলা সদর আসনের সব বাসিন্দার চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং এ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজ উদ্যোগ ও অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে প্রথম ধাপে ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় ২টি ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ হয়েছে। সম্প্রতি দ্বিতীয় ধাপের ক্যাম্প আবার শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।

এদিকে, ভোলা সদর আসনে তথ্যমন্ত্রীর উদ্যোগে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা ও তদারকি করছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা, সদর উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ