প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ১:৫১ পিএম (ভিজিট : ৭)

টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য মাছ ধরার ট্রলারে আটদিন সাগরে ঘুরিয়ে রোহিঙ্গাসহ ৭২ জন নারী-পুরুষ ও শিশুকে লাবণী পয়েন্টে নামিয়ে দেন মানবপাচারকারীরা। এসময় ভুক্তভোগী ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) মাঝরাতে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
ভিকটিমদের জিম্মি করে টাকা আদায়কে কেন্দ্র করে ট্রলারের ১৭ মানবপাচারকারীর মধ্যে বিরোধ দেখা দিলে ভুক্তভোগীদের সৈকতের তীরে নামিয়ে দেওয়া হয়। এসময় পালিয়ে যান মানবপাচারকারিরা।
এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। এদের মাঝে এক শিশু, দুই নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন। তাদের সঙ্গে ট্রলারে থাকা অন্যরা বিভিন্ন দিকে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন উদ্ধার হওয় ব্যক্তিরা।
ভুক্তভোগীদের অভিযোগ, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের ট্রলারে তোলা হলেও বৈরী আবহাওয়া এবং মাঝপথে পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে নিয়ে তীরে ভিড়িয়ে দিয়ে তারা পালিয়ে গেছেন।
সংশ্লিষ্টদের মতে, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় তুলে পরে সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয় তাদের।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে নিয়ে তাদের সাগরে থাকা বড় ট্রলারে তুলে দেওয়া হয়। মালয়েশিয়াগামী নারী-শিশুসহ ৭২ জন ওই ট্রলারে অবস্থান করছিলেন। এরপর টানা কয়েকদিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয় তাদের। এ সময় ট্রলারে থাকা ১৭ জন দালাল চক্রের সদস্যদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়।
তিনি আরও জানান, একপর্যায়ে বিরোধের জেরে ট্রলারটি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের কাছে নিয়ে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত ট্রলার থেকে নেমে পালিয়ে যান।
ইলিয়াসের ভাষ্যমতে, ট্রলারে মোট ৭২ জন থেকে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে। ট্রলার থেকে নেমে অনেকে বিভিন্ন দিকে চলে যান।
এদিকে, টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল আমিনের (৪১) বিরুদ্ধে মানবপাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি এলাকায় প্রভাব বিস্তার করে পাহাড়কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।
স্থানীয়রা দাবি করছেন, আব্দুল আমিনের বিরুদ্ধে পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি এসব মামলার পলাতক আসামি।
এ কাজে আব্দুল আমিনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। লাবণী পয়েন্টে নামানো ট্রলারের ভিকটিমরাও আমিন চক্রের বলে উল্লেখ করেন।
অপরদিকে, টেকনাফ সদর ইউনিয়নের আন্তর্জাতিক মানবপাচারকারী সাইফুল ইসলাম (দাঁড়িওয়ালা), শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল, মো. আব্দুল্লাহসহ আরও ২০-৩০ জনের একটি বড় সিন্ডিকেট রয়েছে।
এ ঘটনায় সাগরপথে মানবপাচার চক্রের তৎপরতা এবং নারী-শিশুসহ যাত্রীদের জীবনঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাই জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মানবপাচারকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। উদ্ধার ভিকটিমদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেল্টা টাইমস/সিআর/এমই