বিগত ১৬-১৭ বছরে খুন, গুম, রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের অন্যায়ের বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘যত ঝড় আসুক, যত বাধা আসুক না কেন-আমরা ন্যায়বিচারের পথ ধরেই হাঁটব। এটি শুধু ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচার নয়, রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতা।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আট বছরের শিশু রামিসা হত্যাকাণ্ড ও ধর্ষণের বিচার প্রক্রিয়ার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘গত ১৯ মে ২০২৬ তারিখে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটি মানুষের হৃদয়কে যে ঘটনাটি ক্ষত করেছিল তা হলো আট বছরের শিশু রামিসাকে তার প্রতিবেশী সোহেল রানা কর্তৃক ধর্ষণ ও হত্যা।
ঘটনার সাথে সাথে মামলা দায়েরের আগেই পুলিশ আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে।’ তিনি বলেন, ‘ঘটনা ১৯ তারিখের, আর চার্জশিট হয়েছে ২৪ মে।
বাংলাদেশের বিচারের ইতিহাসে সবচেয়ে স্বল্পতম সময়ে বিচার কাজ সম্পন্ন করে ১৭ জুন এ মামলার রায় দেওয়া হয়েছে। রায়ে সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমনকি সর্বোচ্চ কম সময়ের মধ্যে আপিল মামলাও নিষ্পত্তি করা হয়েছে।’
আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ়তা, প্রধান বিচারপতির জুডিশিয়াল অ্যাক্টিভিজম ও অনন্য ভূমিকায় আমরা ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। এ জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’
বিগত ১৬ বছরের বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘জেলাভিত্তিক মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করার জন্য যেখানে যে দল পাঠানো দরকার, আমরা তা পাঠাব। এ ছাড়া হাতি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়াকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছি।’
হাইকোর্টে স্থগিত ও বিচারাধীন স্পর্শকাতর মামলাগুলোর বিষয়ে অগ্রগতি তুলে ধরে আইনমন্ত্রী সংসদকে জানান, ‘রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে-মেজর সিনহা হত্যা মামলা, বিশ্বজিৎ হত্যা মামলা এবং শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুরু হবে। এটি রাষ্ট্রের প্রতিশ্রুতিরই অন্যতম বাস্তবায়ন।’
ন্যায়বিচার প্রতিষ্ঠার এ সংগ্রামে রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিরোধী দলের সহযোগিতা কামনা করেন আইনমন্ত্রী।
ডেল্টা টাইমস/সিআর/এমই