প্রতিশ্রুতির ফুলঝুরি, বাস্তব সিদ্ধান্তের অপেক্ষায় কপ৩১

মো. শফিকুল ইসলাম, আন্তালিয়া (তুরস্ক) থেকে:

জাতীয়

আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহ শেষ হয়েছে সবুজ বিনিয়োগ ও জলবায়ু অর্থায়নে একগুচ্ছ বড় ঘোষণার

2026-11-17T11:32:26+06:00
2026-11-17T11:49:21+06:00
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশ্রুতির ফুলঝুরি, বাস্তব সিদ্ধান্তের অপেক্ষায় কপ৩১
মো. শফিকুল ইসলাম, আন্তালিয়া (তুরস্ক) থেকে:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম  আপডেট: ১৭.১১.২০২৬ ১১:৪৯ এএম  (ভিজিট : ২৩)

আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহ শেষ হয়েছে সবুজ বিনিয়োগ ও জলবায়ু অর্থায়নে একগুচ্ছ বড় ঘোষণার মধ্য দিয়ে। তবে আলোচনার টেবিলে এখনো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ের সমাধান বাকি। সম্মেলনের আলোচনা সভাপতি ক্রিস বোয়েন প্রথম সপ্তাহের আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে অভিহিত করেছেন।

বোয়েন বলেন, “আলোচনার নানা ক্ষেত্রে পক্ষগুলো জোরালো অগ্রগতি করেছে।” তিনি আরও বলেন, “গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সমাধান বাকি থাকলেও আমরা সহযোগিতা ও অভিন্ন লক্ষ্যের চেতনায় এগিয়ে যাচ্ছি।” তাঁর ভাষায়, পুরো প্রক্রিয়া উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং পক্ষগুলোর নেতৃত্বাধীন।

বোয়েনের তথ্য অনুযায়ী, আলোচনায় রয়েছে ১০০টির বেশি আলোচ্যসূচি ও প্রায় ৬০টি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট। এর মধ্যে কেন্দ্রীয় বিষয়গুলো হলো অভিযোজন, অর্থায়ন, ন্যায্য রূপান্তর, প্রশমন, বিজ্ঞান, স্বচ্ছতা ও বাস্তবায়ন। তাঁর মতে, ‘ট্রানজিশন প্লেনারি’ বা পূর্ণাঙ্গ অধিবেশনে দ্বিতীয় সপ্তাহের আলোচনার পথনকশা তুলে ধরা হয়েছে। কারিগরি ও রাজনৈতিক পর্যায়ের আলোচনা কীভাবে শুক্রবার (২০ নভেম্বর) নাগাদ সফল ফলাফলের কাছাকাছি পৌঁছাতে পারে, সেটিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, “প্রথম দিন থেকেই আমরা সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে আলোচ্যসূচি গ্রহণ করতে পেরেছি। প্রথম সপ্তাহের শেষে আমাদের কাজ পরিকল্পনামাফিক এগোচ্ছে।” তিনি জানান, তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল তিন দফা পরামর্শের মাধ্যমে পক্ষগুলোর মতামতের ভিত্তিতে প্রথম মূল্যায়ন নথি তৈরি করেছে। কুরুমের ভাষায়, “আমরা এখন আলোচনার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহের মুখোমুখি।” দ্বিতীয় সপ্তাহে মন্ত্রী পর্যায়ের পরামর্শ জোরদার করে আন্তালিয়া থেকে একটি শক্তিশালী রাজনৈতিক ফলাফল অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে প্রেসিডেন্সি।

প্রেসিডেন্সির উদ্যোগে নেওয়া সম্ভাব্য সিদ্ধান্ত বা কভার ডিসিশন নিয়ে পক্ষগুলোর মতামতের একটি সারসংক্ষেপও প্রকাশ করা হয়েছে। এতে এখন পর্যন্ত আলোচনার প্রতিফলন তুলে ধরা হয়েছে। পরবর্তী আলোচনায় পক্ষগুলোকে দিকনির্দেশনা দেওয়াই এর উদ্দেশ্য। তবে প্রেসিডেন্সি স্পষ্ট করেছে, এটি আলোচনার কোনো খসড়া পাঠ নয়। আলোচনার পরবর্তী ধাপে সহায়তার জন্য আগামী সপ্তাহের শুরুতে প্রথম খসড়া প্রকাশের কথাও জানিয়েছে তারা।

সম্মেলনের প্রথম সপ্তাহে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত নেতাদের সম্মেলনে অংশ নেন বিশ্বের শতাধিক নেতা। এদিকে সম্মেলনে নিবন্ধিত অংশগ্রহণকারীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান পারস্পরিক সহযোগিতা ও বহুপাক্ষিকতার মাধ্যমে প্যারিস চুক্তির অঙ্গীকারকে বাস্তব সমাধানে রূপ দেওয়ার আহ্বান জানান। তিনি কপ৩১-কে ‘বাস্তবায়নের কপ’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অর্থনীতির সব খাতে কার্বন নিঃসরণ কমানো এবং জিরো ওয়েস্ট উদ্যোগে তুরস্কের নিজস্ব অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

কুরুম জানান, সম্মেলনের প্রথম দিন খাদ্য, কৃষি ও স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে গুরুত্ব পেয়েছে জ্বালানি ও পরিবহন। বিদ্যুতায়ন ফোরামে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং কপ বিজনেস ফোরামে বেসরকারি খাতের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া টেকসই শহর, সবুজ শিল্প, বাণিজ্য ও জলবায়ু অর্থায়ন নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। টিওবিবি বিজনেস ফোরামে অংশ নিতে আন্তালিয়ায় সমবেত হয়েছে চার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান। কোনো কপ সম্মেলনে এটিই সবচেয়ে বড় ব্যবসায়িক ফোরাম। বিদ্যুতায়ন, নগরায়ণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অর্থায়ন ছিল এর আলোচনার মূল বিষয়।

বিনিয়োগের ক্ষেত্রে তুরস্ক ২৬ বিলিয়ন ডলারের বেশি সবুজ বিনিয়োগসংক্রান্ত অংশীদারত্ব চুক্তি করেছে। এর মধ্যে চীনের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৫ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে। ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (ইবিআরডি) আগামী পাঁচ বছরে তুরস্কে ছয় বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। এ ছাড়া উন্নয়ন ব্যাংকগুলোর সঙ্গে সই হয়েছে আরও ৫ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তি।

জলবায়ু অর্থায়নে নরওয়ে, কানাডা ও যুক্তরাজ্য ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার সংগ্রহের অঙ্গীকার করেছে। এশীয় উন্নয়ন ব্যাংক, গ্রিন ক্লাইমেট ফান্ড এবং কুক দ্বীপপুঞ্জ ও পালাউ সরকার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দ্বীপ জনগোষ্ঠীকে সহায়তার জন্য এক বিলিয়ন ডলারের বেশি সংগ্রহের কর্মসূচি চালু করেছে। মিথেন ও অন্যান্য সুপার দূষকের নিঃসরণ কমাতে বিভিন্ন দাতব্য সংস্থা ৪৮০ মিলিয়ন ডলারের অর্থায়ন ঘোষণা করেছে। কৃষি উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক তহবিল (ইফাদ) ঘোষণা করেছে ৭০ মিলিয়ন ডলারের বন্ড।

প্রেসিডেন্সির অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রয়েছে বিদ্যুতায়ন। এ উদ্যোগের পক্ষে রয়েছে ১৮০টি কোম্পানি, যাদের সম্মিলিত বার্ষিক আয় ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলার। চার কোটি ৫০ লাখ কোম্পানির প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (আইসিসি) ‘৩৫-বাই-৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’-এ সমর্থন দিয়েছে। একটি ইউটিলিটি জোট তাদের সম্মিলিত বিনিয়োগ পরিকল্পনা বাড়িয়ে বছরে অন্তত ১৫৬ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এর ফলে ২০৩০ সালের মধ্যে জ্বালানি রূপান্তরে এক ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ সংগ্রহ সম্ভব হবে বলে জানানো হয়েছে।

বিদ্যুতায়নে অর্থায়নের লক্ষ্যে গঠন করা হয়েছে নতুন ‘ইলেকট্রিফাই নাউ ফাইন্যান্স কোয়ালিশন’। অন্যদিকে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস পরিচ্ছন্ন বিদ্যুৎ, বিদ্যুৎ গ্রিড, জ্বালানি সংরক্ষণব্যবস্থা ও বিদ্যুতায়ন খাতে বিনিয়োগের জন্য ১ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ করছে।

এদিকে প্রেসিডেন্সি ইতিমধ্যে ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’ (ব্রিজ), ‘সাসটেইনেবল আরবান রেজিলিয়েন্স ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ (সুরফ) এবং ‘ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন’ প্ল্যাটফর্মসহ একগুচ্ছ উদ্যোগ চালু করেছে। স্বাস্থ্য, কৃষি, সবুজ শিল্পায়ন এবং শিশু ও তরুণদের জন্যও নেওয়া হয়েছে আরও কয়েকটি উদ্যোগ। কুরুমের ভাষায়, “আমরা প্রতিশ্রুতিকে এমন সিদ্ধান্তে রূপ দেব, যা মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনবে।”


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ