ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

ভোটাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে শিল্পীদের কাজ করতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে বলে জানিয়েছেন তথ্য

2026-11-15T16:55:53+06:00
2026-11-15T16:57:20+06:00
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৪:৫৭ পিএম  (ভিজিট : ১)

ভোটাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে শিল্পীদের কাজ করতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্ম পরিচালক, লেখক, শিল্পী ও কলাকুশলী কল্যাণ ট্রাস্ট বাস্তবায়ন প্রস্তুতি কমিটির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে শিল্পী, লেখক ও কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ ফিরে এলে দেশের গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হবে। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি করা হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের পরিচালক, লেখক, শিল্পী ও কলাকুশলীদের কল্যাণে ট্রাস্ট গঠনের দাবির বিষয়ে তিনি জানান, এ ট্রাস্ট গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। এজন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হবে, সে বিষয়েও আলোচনা প্রয়োজন রয়েছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে কোনো কল্যাণ ট্রাস্ট গঠন করা হলে সেটি বিদ্যমান সরকারি ট্রাস্টগুলোর নীতিমালা ও নিয়মকানুন মেনেই পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য কল্যাণমূলক ট্রাস্টের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। ট্রাস্টের কাঠামো ও পরিচালনা কমিটি গঠনের বিষয়েও সরকারি নীতিমালা অনুসরণ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ট্রাস্ট গঠনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত ও পরামর্শ গুরুত্বপূর্ণ। তাদের প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্পৃক্ততাও প্রয়োজন হতে পারে। কোন মন্ত্রণালয়ের অধীনে ট্রাস্টটি গঠন করা হবে, তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

দাবি বাস্তবায়নে সময় লাগবে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, একদিনে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার দ্রুত কার্যক্রম শুরু করতে চায়। যত কম সময়ের মধ্যে ট্রাস্ট গঠনের উদ্যোগ সম্পন্ন করা যায়, সে বিষয়ে কাজ করা হবে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করবেন তিনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ