প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:১৩ পিএম (ভিজিট : ০)

পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৫০ লাখ মার্কিন ডলার ( ৬২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা) বিনিয়োগে শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস (চুলের প্রশিক্ষণ মডেল) তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড। এ কারখানায় বছরে এক লাখ পিস পণ্য উৎপাদনের পাশাপাশি ৩০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটি থেকে বছরে প্রায় ৭০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানির আশা করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
রোববার (১৫ নভেম্বর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। চুক্তিতে বেপজার পক্ষে সংস্থাটির সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং বিডি লেপাচু লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার হে ঝি লং স্বাক্ষর করেন।
বেপজা জানায়, কারখানাটিতে অরিজিনাল, ক্যাপ, প্রিমিয়াম ও স্লিপ-অন—এই চার ধরনের শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস তৈরি করা হবে। আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি ও সেলুনগুলোর জন্য বিশেষভাবে নকশা করা এসব পণ্য ল’রিয়েল, ওয়েলা, কাও ও হেনকেলের মতো বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডের কাছে সরবরাহের পরিকল্পনা রয়েছে। কারখানাটিতে ২৯৫ জন বাংলাদেশিসহ মোট ৩০০ জনের কর্মসংস্থান হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়া এবং বেপজার ওপর আস্থা রাখার জন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বৈচিত্র্যময় উৎপাদন খাতে বিনিয়োগে আকৃষ্ট করার বিষয়ে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কারখানা স্থাপন এবং নির্বিঘ্নে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
প্রচলিত তৈরি পোশাকশিল্পের বাইরে অপ্রচলিত ও অধিক মূল্য সংযোজনকারী পণ্য উৎপাদনে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর যে উদ্যোগ বেপজা নিয়েছে, বিডি লেপাচুর বিনিয়োগকে সেই প্রচেষ্টার নতুন সংযোজন হিসেবে দেখছে সংস্থাটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিডি লেপাচু লিমিটেডের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বেপজার দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত ঈশ্বরদী ইপিজেডে ২৭টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। আরও আটটি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। এ ইপিজেড থেকে এ পর্যন্ত মোট ২৩৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এখানে প্রকৃত বিনিয়োগের পরিমাণ ২৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এসব শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ২০ হাজার ৯২৮ জন বাংলাদেশি।
ঈশ্বরদী ইপিজেডে এরই মধ্যে চারটি প্রতিষ্ঠান ক্যাপ, পরচুলা (উইগ) ও প্রসাধনসামগ্রী উৎপাদন করছে। তৈরি পোশাকের বাইরে এসব পণ্যের উৎপাদন ও রপ্তানি কার্যক্রমের মাধ্যমে বৈচিত্র্যময় শিল্পায়নের ক্ষেত্র হিসেবেও ঈশ্বরদী ইপিজেডের গুরুত্ব বাড়ছে। বিডি লেপাচু লিমিটেডের নতুন বিনিয়োগ এই ধারাকে আরও বিস্তৃত করবে বলে আশা করছে বেপজা।
ডেল্টা টাইমস/সিআর/এমই