খেলাপি ঋণ ৩২.৭৮ শতাংশ, ক্ষতি সামাল দেওয়ার মূলধনও নেই ব্যাংকের

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা মোট

2026-11-14T12:47:18+06:00
2026-11-14T12:48:03+06:00
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নলেজ হাবের প্রতিবেদন
খেলাপি ঋণ ৩২.৭৮ শতাংশ, ক্ষতি সামাল দেওয়ার মূলধনও নেই ব্যাংকের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ১২:৪৮ পিএম  (ভিজিট : ১০)

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই।

অন্যদিকে, খেলাপি ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দিতে প্রয়োজনীয় মূলধনও নেই ব্যাংকগুলোর। ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। ফলে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি—দুই সংকটেই চাপে রয়েছে দেশের ব্যাংক খাত।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে নলেজ হাব ইনস্টিটিউটের ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, জুন ২০২৬-এ দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। খেলাপি ঋণের এই উচ্চ হার ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগ তৈরি করেছে।

ব্যাংক খাতের মূলধন পরিস্থিতিও উদ্বেগজনক। ২০২৫ সালের শেষে মূলধন সংরক্ষণ অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।

অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের পরিমাণ সত্যিই অস্বাভাবিক। মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশের টাকা ফেরত পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে আরও বড় সমস্যা হলো ব্যাংক খাতের সামগ্রিক মূলধন ঋণাত্মক। অর্থাৎ ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দিতে যে মূলধন প্রয়োজন, সেখানেও ঘাটতি রয়েছে।

তিনি বলেন, খেলাপি ঋণের শ্রেণিবিন্যাস বিশ্লেষণ করলে দেখা যায়, এর বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে রয়েছে। বিশেষ করে মন্দ ঋণের ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। খেলাপি ঋণের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ এমন অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শাহ মো. আহসান হাবিব বলেন, ‘আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, এই ৩৩ শতাংশ খেলাপি ঋণের মধ্যে ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অপারেশনাল অনিয়ম এবং অপরাধের বিষয় জড়িত। এসব অপরাধ মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে ব্যাংকের পাশাপাশি সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে ভূমিকা রাখতে হবে।’

ইচ্ছাকৃত ঋণখেলাপির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, খেলাপি ঋণের একটি বড় অংশ ইচ্ছাকৃত ঋণখেলাপির ফল। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্টদের কাছেও স্বীকৃত। কিন্তু এসব ঋণের দায় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী, ব্যাংক কর্মকর্তা, ভালো ব্যবসায়ী এবং ভালো ব্যাংকগুলোকে।

তিনি আরও বলেন, ‘ইচ্ছাকৃত ঋণখেলাপির দায় বহন করছেন সাধারণ আমানতকারীরা। ঋণ বিতরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না, এমন অনেক ব্যাংক কর্মকর্তা-কর্মচারীকেও এর পরিণতি ভোগ করতে হচ্ছে। ভালো ব্যবসায়ীদের বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। এমনকি ভালো ব্যাংকগুলোকেও এই পরিস্থিতির প্রভাব বহন করতে হচ্ছে। সার্বিকভাবে পুরো অর্থনীতিই এর দায়ভার নিচ্ছে। কারণ, আমাদের অর্থনীতি মূলত ব্যাংকনির্ভর আর্থিক ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছে।’

প্রতিবেদনে ব্যাংকভেদে খেলাপি ঋণের চিত্রেও বড় ধরনের পার্থক্য উঠে এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ, বেসরকারি ব্যাংকে ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে এ হার সর্বোচ্চ ৫৮ দশমিক ৯ শতাংশ। এসব ব্যাংকে আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ এবং ঋণ-আমানত অনুপাত দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে।

অন্যদিকে, আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহের গতি কমছে। প্রতিবেদনে বলা হয়, আগস্টে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। অথচ একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে।

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়। ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ। আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য সম্পদের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে অতিরিক্ত তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর সংকট এতে আড়াল হয়ে যেতে পারে।

আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। মার্চে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) ঋণের অংশ ছিল মোট ঋণের ১৫ দশমিক ৮৭ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ২৫ দশমিক ৫০ শতাংশ। নারী উদ্যোক্তাদের ঋণের অংশ ৭ দশমিক ২৮ শতাংশ, লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ। গ্রামীণ আমানতের অংশ ১৬ দশমিক ২৫ শতাংশ হলেও ঋণের অংশ মাত্র ৭ দশমিক ৪২ শতাংশ। আগস্টে কৃষি ও গ্রামীণ ঋণের ৩৪ দশমিক ৪৮ শতাংশ বকেয়া ছিল।

ব্যাংক খাতের সংকট মোকাবিলায় প্রতিবেদনে ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীন ঋণ পর্যালোচনা এবং ২০২৭ সালের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোর নগদ আদায়, মূলধন পরিস্থিতি ও গ্রাহকসেবার তথ্য নিয়মিত প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে ব্যাংক রেজোলিউশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়টিও তুলে ধরা হয়। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ